তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে চারটিকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে অবৈধভাবে ড্রাম চিমনি ও জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে ইট তৈরির অভিযোগে তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া চারটি ইটভাটা বন্ধের জন্য মালিকদের নোটিশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ইটভাটায় অবৈধ উপায়ে ইট নির্মাণ করা হচ্ছে। মালিকদের নোটিশ দিয়েও এগুলো বন্ধ করা সম্ভব হয়নি। এ ঘটনায় বুধবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার ইটভাটাগুলোতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের একটি দল। এ সময় যথাযথভাবে চিমনি নির্মাণ না করা এবং কাঠ পুড়িয়ে ইট নির্মাণের অভিযোগে তিনটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, বরিশালে নির্মিত ইটভাটার অধিকাংশই পরিবেশদূষণ করছে। এর মধ্যে অনেক ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।