তিনটি ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ
জাটকা সংরক্ষণের উদ্দেশ্যে মেঘনা ও তেঁতুলিয়া নদীর তিনটি ইলিশ অভয়াশ্রমে আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। একই সময়ের জন্য অভয়াশ্রম সংশ্লিষ্ট এলাকায় মাছ কেনা-বেচা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০-এর ১৩ ধারা অনুযায়ী মৎস্য অধিদপ্তর ওই নিষেধাজ্ঞা জারি করছে।
নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ইলিশ অভয়াশ্রমগুলো হলো চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেক্সান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার, ভোলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার এবং ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক রামগতি উপজেলা টাস্কফোর্সের সভাপতি ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামাল বলেন, মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ রাখার জন্য জেলেপল্লিসহ মাছঘাট এলাকা ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে সচেতনতামূলক সভা-সমাবেশ করা হচ্ছে। এ ছাড়া বিলবোর্ড, লিফলেট, পোস্টার ও মাইকের মাধ্যমে এলাকায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং মাছ ধরা প্রতিরোধের জন্য মোবাইল কোর্টও পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা টাস্কফোর্সের সদস্যসচিব ও জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম বলেন, মাছ ধরা বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের জন্য ‘জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণা প্রকল্প’-এর আওতায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং ভিজিএফ সহায়তা দেওয়া হবে।