দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজারে বেইলি সেতু ভেঙে ইছামতী নদীতে পড়ে যাওয়া পাঁচটি যানবাহনের তিনটি গতকাল শুক্রবার উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাকি তিনটি যান উদ্ধার করতে না পারায় এবং সংস্কার না হওয়ায় ওই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উদ্ধারকাজ তদারককারী দিনাজপুর পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, গত বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে পাথরবাহী ১০ চাকার দুটি ট্রাক, টমেটো বোঝাই একটি ট্রাক, একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ দুই দিক থেকে একসঙ্গে সেতুর ওপরে ওঠে। এতে সেতুটি ভেঙে যানবাহনগুলো নদীতে পড়ে যায়। তবে নদীতে পানি কম থাকায় যাত্রীসহ যানবাহনগুলোর চালক ও সহকারীরা রক্ষা পান।
সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার আরও বলেন, গতকাল সকাল সাতটা থেকে নদীতে পড়ে যাওয়া যানবাহন উদ্ধারের কাজ শুরু হয়। উদ্ধারকারী দল গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত একটি বাস, পাথরবোঝাই একটি ট্রাক ও একটি পিকআপ নদী থেকে তুলতে সক্ষম হয়েছে। বাকি দুটি তোলার কাজ চলছে। দুর্ঘটনার পর থেকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। তবে দিনাজপুর থেকে ঢাকায় চলাচলকারী বাসগুলো দিনাজপুর-পার্বতীপুর এবং দিনাজপুর-রংপুর মহাসড়ক দিয়ে ৪৫ মাইল পথ ঘুরে ঢাকায় যাচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল রশিদ বলেন, বেইলি সেতু ভেঙে পড়ে যাওয়া যানবাহনগুলো তোলার পর সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মেরামতের কাজ শুরু করবেন। মেরামতকাজ শেষ করে কত দিনের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক করা যাবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।