তিনটি কক্ষ মেলার দখলে কলেজের ক্লাস বন্ধ
কলেজের মাঠ ঘিরে রেখেছে মেলা কমিটি, শ্রেণীকক্ষের সঙ্গেই তৈরি করা হয়েছে জুয়ার মঞ্চ। সামনে আছে ওয়ান-টেন ও চরকার আয়োজন। পাঁচটি শ্রেণীকক্ষের মধ্যে দুটিতে থাকছে মেলার লোকজন। এ রকমই পরিস্থিতির মধ্যে চলছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলফাতুন নেছা মহাবিদ্যালয়। কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় কিছু লোকজনের সঙ্গে কলেজের কর্তৃপক্ষ যুক্ত হয়ে এই মেলার আয়োজন করেছে। গত বুধবার থেকে শুরু হয়েছে রাতভর মাইকের উচ্চ শব্দ, আর দিনের বেলায় মেলার লোকজনের আনাগোনা। গোটা পরিবেশই কলেজের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করছে। শিক্ষার্থীরা জানায়, সামনে এইচএসসি পরীক্ষা। এখন পরীক্ষার্থীদের কোচিং চলার কথা থাকলেও শিক্ষকেরা মেলার কারণে তা করাচ্ছেন না। কলেজ খোলা থাকলেও শিক্ষার পরিবেশ না থাকায় ঠিকমতো ক্লাসও হচ্ছে না। আয়োজকদের একজন স্থানীয় পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর নিজেও বিশ্বাস করেন কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তার পরও সবার স্বার্থে এই মেলার আয়োজন করতে হচ্ছে বলে জানান তিনি।কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, বিষয়টি কিছুটা খারাপ হয়েছে। কিন্তু তিনি সেভাবে ভাবেননি। শ্রেণীকক্ষের সঙ্গে জুয়ার মঞ্চ তৈরির বিষয়ে তিনি বলেন, এটা মেলার লোকজন করেছে। তিনি এটা সরিয়ে নেওয়ার অনুরোধ করবেন। তিনি আরও বলেন, এলাকার কিছু মানুষের দাবি ও কলেজের সামান্য স্বার্থের কারণে মেলার অনুমতি দেওয়া হয়েছে।মেলার অন্যতম আয়োজক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হক স্বীকার করেন, কলেজের মাঠে যেভাবে গান-বাজনার আয়োজন করা হয়েছে—এটা ঠিক নয়। কিন্তু স্থানীয় মানুষের মতামতের কারণে এটা হচ্ছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মাঠ ঘিরে বিভিন্ন জুয়ার বোর্ড তৈরির কথা নয়। বিষয়টি তিনি দেখবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমান জানান, শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে কি না, এটা কলেজ কর্তৃপক্ষেরই বেশি ভাবা প্রয়োজন।