তিনটি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় প্রবেশপত্র দেওয়ার সময় এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে তিনটি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।
কলেজগুলো হলো সাফা ডিগ্রি কলেজ, মিরুখালী কলেজ ও ডা. রুস্তম আলী ফরাজী ডিগ্রি কলেজ। গত বুধবার বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে পরীক্ষা নিয়ন্ত্রক ওই তিন কলেজের অধ্যক্ষকে প্রবেশপত্র দেওয়ার সময় কেন্দ্র খরচের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের কারণ দর্শানোর নোটিশ দেন। এতে বিধিবহির্ভূত এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, ৪ এপ্রিলের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডে হাজির হয়ে তার কারণ দর্শাতে বলা হয়েছে।
তবে কলেজগুলোর অধ্যক্ষরা গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কারণ দর্শানোর নোটিশ হাতে পাননি বলে জানা যায়। বুধবার প্রথম আলোয় ‘মঠবাড়িয়ার তিন কলেজ/এইচএসসির প্রবেশপত্রের জন্য অতিরিক্ত অর্থ আদায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।