তিনটি কাঁচাবাজার ফরমালিনমুক্ত করার উদ্যোগ
চট্টগ্রাম নগরের তিনটি কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন চট্টগ্রাম চেম্বার ও মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট কাঁচাবাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে সমম্বয় বৈঠক করবে। আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে বৈঠক শুরু হবে।বাজার তিনটি হলো: কাজীর দেউরী, চৌমুহনীর কর্ণফুলী ও ষোলশহরের কর্ণফুলী।স্থানীয় প্রশাসন সূত্র জানায়, পচনশীল ভোগ্যপণ্য ও মাছে ফরমালিন মিশিয়ে ব্যবসায়ীরা বাজারজাত করে আসছেন। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরমালিনযুক্ত পণ্য বা মাছ জব্দ করা হয়। কিন্তু খালি চোখে ফরমালিনমুক্ত মাছ ও ভোগ্যপণ্য চেনার কোনো উপায় নেই, যে কারণে ভোক্তারা প্রতারিত হচ্ছে। এ অবস্থায় নগরের কাজীর দেউরী, চৌমুহনীর কর্ণফুলী ও ষোলশহরের কর্ণফুলী কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত করার উদোগ নেওয়া হয়েছে।জানতে চাইলে নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষাক্ত খাবারে বাজারে সয়লাব। বিশেষ করে ফরমালিনের ব্যবহার বেশি হচ্ছে, যা স্বাস্থ্যহানিকর। এ অবস্থায় আমরা উদোগী হয়ে নগরের তিনটি কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত করতে চাচ্ছি।’পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট কাঁচাবাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে আগামী সপ্তাহে আমাদের বৈঠক হবে। পর্যায়ক্রমে আমরা চট্টগ্রামের দুটি চেম্বার, সিডিএ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করব, যাতে ফরমালিন পরীক্ষার রাসায়নিক ও যন্ত্র কিনতে তহবিলের সংকট না হয়।’বিশেষজ্ঞ চিকিৎসক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ফরমালিনযুক্ত খাবারে কিডনি ও যকৃৎ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। ক্যানসারের ঝুঁকিও বাড়ায়। চট্টগ্রাম মহানগর পুলিশ প্রশাসন ফরমালিনমুক্ত কাঁচাবাজার করার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।