তিনটি কারখানাকে পৌনে তিন কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদের পানি ও পরিবেশদূষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডং বাং ডায়িং লিমিটেডকে দুই কোটি ৭১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া দুটি কারখানাকে আরও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে ওই জরিমানা করা হয়।
২৮ জানুয়ারি ‘দূষিত তুরাগে মুসল্লিদের ভোগান্তি’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, কালিয়াকৈরের উলুসারা এলাকায় ডং বাং ডায়িং লিমিটেড কর্তৃপক্ষ পরিবেশ ছাড়পত্র সময়মতো নবায়ন করেনি। বছরে চারবার তরল বর্জ্যের নমুনা বিশ্লেষণের প্রতিবেদন অধিদপ্তরে জমা দেওয়ার নিয়ম থাকলেও তারা দেয়নি; বরং ত্রুটিপূর্ণ বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) মাধ্যমে বিশাল এলাকার পরিবেশ দূষণ করেছে। তাদের দুই কোটি ৭১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ ছাড়পত্র ও ইটিপিবিহীন কারখানা পরিচালনার দায়ে টঙ্গীর শিলমুন এলাকার ক্যানকুন ওয়াশিং প্লান্টকে চার লাখ টাকা ও ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার দায়ে ঢাকার সাভারের তেঁতুলা এলাকার রাকেফ অ্যাপারেল ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং কারখানাকে এক লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরে হওয়া শুনানিতে কারখানার মালিক ও প্রতিনিধিরা তাঁদের দোষ স্বীকার করে ভবিষ্যতে পরিবেশ ছাড়পত্র নিয়ে ত্রুটিহীন ইটিপি ব্যবহার করার অঙ্গীকার করেন।