ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবের ছুটি ১০ দিন ঘোষণা না করায় গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছেন। দাবি আদায়ে টঙ্গীর তারগাছ এলাকার মুনলাইট ও এহসান গার্মেন্টসের শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন।
এদিকে সোয়েটারের মজুরিহার বাড়ানোর দাবিতে টঙ্গীর সাতাইশ এলাকার নাজিম ফ্যাশন সোয়েটার কারখানার শ্রমিকেরাও গতকাল কর্মবিরতি পালন করেন। তিনটি কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, এহসান ও মুনলাইট গার্মেন্টসের আড়াই হাজার শ্রমিক সকাল আটটায় কারখানায় যোগদানের পরপরই নোটিশ বোর্ডে ছুটি ছয় দিন দেখতে পান। পরে তাঁরা কর্তৃপক্ষের কাছে ১০ দিনের ছুটির দাবি জানান। কর্তৃপক্ষ দাবি না মানলে একপর্যায়ে তাঁরা কর্মবিরতি শুরু করেন। এ সময় মুনলাইট গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপক আবদুল মতিন ও কর্মপরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম কাজে যোগদানের কথা বললে বিক্ষুব শ্রমিকেরা হামলা চালিয়ে তাঁদের আহত করেন। একপর্যায়ে কর্তৃপক্ষ দুটি কারখানায় ছুটি ঘোষণা করে। কিন্তু শ্রমিকেরা নতুন করে ন্যূনতম বেতন আট হাজার টাকা, উৎসব ভাতা মূল বেতনের সমান করার দাবিতে কর্মবিরতি অব্যাহত রাখেন।
এহসান ও মুনলাইট গার্মেন্টসের মানবসম্কদ বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ জানান, সরকার নতুন মজুরিকাঠামো নির্ধারণ করার ঘোষণা দিলে সে অনুযায়ী শ্রমিকদের বেতন পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যান্য বিষয়ে আলোচনা চলছে।
বিকেএমইএর সামনে বিক্ষোভ: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে নারায়ণগঞ্জের টেক্স টেক উন্ড মেয়ার প্রাইভেট লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল দুপুরে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশেবক্তব্য দেন বাসদ নেতা আবু নাঈম খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা সেলিম মাহমুদ, টেক্স টেকের শ্রমিক মো. কুদ্দুস।