ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা এড়াতে একটি পোশাক তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং তিনটি কারখানায় গতকাল রোববারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোর সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।আশুলিয়ায় একটি পোশাক তৈরির কারখানায় নারীশ্রমিকের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে ও মজুরি বাড়ানোর দাবিতে গত শনিবার শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভে যোগ দিলে আশুলিয়া শিল্পাঞ্চল রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ শতাধিক শ্রমিক আহত হন। এ ঘটনার পর তিনটি কারখানায় ছুটি ও একটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। শনিবার পোশাক কারখানায় ভাঙচুর, চুরি ও সরকারি কাজে বাধার অভিযোগে রাতে পৃথক চারটি মামলা হয়েছে। আশুলিয়ার স্ক্যান্ডেক্স লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা এস এম হামিদ, নাসা গ্রুপের প্রতিষ্ঠান এইচ আর গার্মেন্টসের সহকারী ব্যবস্থাপক এফ এ বিন গোফরান, নাসা বেসিকের সহকারী মহাব্যবস্থাপক ইউসুফ মজুমদার এবং আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মামলাগুলো করেন। মামলায় অন্তত ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে।পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা জানান, বিশৃঙ্খলা এড়াতে আশুলিয়ার জামগড়া এলাকার এনভয় গ্রুপের এনভয় ডিজাইন, এনভয় ফ্যাশন ও মান্তা অ্যাপারেলস নামে তিনটি পোশাক তৈরির কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরির দাবিতে অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে ১৪ জুন ওই তিনটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর আগের দিন কারখানা ভাঙচুরের অভিযোগে পুলিশ শহীদুল ইসলাম নামে এনভয় গ্রুপের এক শ্রমিককে গ্রেপ্তার করে। গত শনিবার কারখানা তিনটি চালুর পরপরই শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে সহকর্মী শহীদুল ইসলামের মুক্তির দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ায় শহীদুল ইসলামকে মুক্তির আশ্বাস দিলেও শ্রমিকেরা বিক্ষোভ অব্যাহত রাখেন। পরে কর্তৃপক্ষ কারখানা তিনটি ছুটি দিলে পরিস্থিতি শান্ত হয়।এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী তিনটি কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী সব সুযোগসুবিধা দেওয়ার পরও শ্রমিকেরা অযৌক্তিক দাবিতে বিক্ষোভ করেন। বাস্তবতা বুঝে কাজে যোগ না দিলে কারখানা বন্ধ করে দেওয়া হবে। পুলিশ জানায়, বেতন বাড়ানোর দাবিতে অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার ওশেন গেট সোয়েটার লিমিটেড নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করে। আশুলিয়া থানার পুলিশের কর্মকর্তা এবং স্থানীয় লোকজন শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।