তিনটি কারণে নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্যতা পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, বাংলাদেশে তিনটি কারণে নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। ভারতের নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশনের ব্যাপারে বলেছে, ভারতের চেয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন অনেক শক্তিশালী। তবে বাংলাদেশে তিনটি কারণে নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্যতা পাচ্ছে না।
কারণ তিনটির ব্যাখ্যা না দিয়ে নির্বাচন কমিশনার বলেন, ভারতে নির্বাচন কমিশনের প্রতি সব রাজনৈতিক দলের আস্থা থাকে, কমিশনের ভাবমূর্তির ক্ষতি হয়, এমন কোনো নিউজ মিডিয়ায় প্রকাশিত হয় না। ভারতের নির্বাচন কমিশনের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট সরাসরি কাজ করেন। কিন্তু বাংলাদেশে সে ধরনের অবস্থা এখনো তৈরি হয়নি।
মো. জাবেদ আলী গতকাল সোমবার দুপুরে শেরপুর জেলার নবনির্মিত সার্ভার স্টেশন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।