রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের তিনটি কোর্সের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে বিভাগের একাডেমিক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷
সভা শেষে বিভাগের সভাপতি সৈয়দা নূরে কাছেদা খাতুন জানান, হামলা চালিয়ে পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘটনায় বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে৷ এ ছাড়া গতকাল দুপুরে একাডেমিক কমিটির একটি জরুরি সভা ডাকা হয়৷ সভায় ২০১৩ সালের স্নাতকোত্তর শেষ বর্ষের ২১ ও ২৬ মে অনুষ্ঠেয় পরীক্ষাগুলো সর্বসম্মতিক্রমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়৷
পরীক্ষাগুলো কবে নাগাদ নেওয়া হতে পারে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ নেই৷ পরিস্থিতি স্বাভাবিক হলে ১৩ মের বন্ধ হওয়া ৫০৫ নম্বর কোর্সসহ সব পরীক্ষা নেওয়া হবে৷
গত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা মেহেদী হাসানের অসুস্থতার কথা বলে ছাত্রলীগের তিন নেতার নেতৃত্বে হামলা চালিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়৷ এ ঘটনার নেতৃত্ব দেওয়ায় মঙ্গলবার রাতে ছাত্রলীগের ওই চার নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ৷