তিনটি খাবারের প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ঘি ও বেকারি পণ্য উৎপাদনের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত নগরের আগ্রাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযান পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা।
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকালের অভিযানে উত্তর আগ্রাবাদের থ্রি স্টার ঘি কারখানাকে ১০ হাজার টাকা, আগ্রাবাদের হাজীপাড়া এলাকার মদিনা বেকারি ও ফুড ম্যাক্স কারখানাকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, স্যাঁতসেঁতে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠানগুলো খাদ্যপণ্য তৈরি করে আসছে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে আর্থিক জরিমানা করা হয়েছে।