তিনটি গরুই মারা গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের কাজীরামপুর গ্রামে গত শনিবার এক বিধবার একটি গাভিসহ তিনটি গরু আগুনে পুড়ে মারা গেছে। ওই তিনটি গরুর মালিক ওই গ্রামের মৃত নিয়ত আলীর স্ত্রী ছাহেরা বেগম (৬০)। তিনটি গরু হারিয়ে ছাহেরা এখন শুধু কাঁদছেন। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই দিন রাতে দোচালা টিনের গোয়ালঘরে আগুন লাগলে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভান। কিন্তু এর আগেই ওই ঘরে থাকা তিনটি গরু পুড়ে মারা যায়। ছাহেরা বলেন, ‘একমাত্র ছেলে বিদেশে থাকলেও সেখানে সে ভালো অবস্থায় নেই। ওই তিনটি গরুই ছিল আমার সম্বল। দৈনিক দুই লিটার দুধ বিক্রি করে দুই নাতি ও ছেলের বউকে নিয়ে সংসার চালিয়েছি, এখন কী হবে?’