ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা ধর্মঘট চলাকালে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের তিনটি গাড়ি ভাঙচুর করেছেন ধর্মঘটিরা। এতে একটি বাসের চালকসহ তিনজন আহত হন। ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অর্থ সম্পাদক কামরুল ইসলাম আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে আলামপুর এলাকায় কর্মচারীদের বহন করা একটি বাস লক্ষ্য করে ছাত্রদলের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়ির কাচ ভেঙে চালক সালাহউদ্দিন এবং মফিজ ও লতিফ নামের দুই কর্মচারী আহত হন। এ ছাড়া কুষ্টিয়ার বিত্তিপাড়ায় শিক্ষক ও ঝিনাইদহের ভাটইবাজার এলাকায় কর্মকর্তাদের বহনকারী দুটি গাড়িতে ভাঙচুর চালান তাঁরা।
ছাত্রদল জানায়, বিশ্ববিদ্যালয়ের গাড়ি পোড়ানো মামলায় গত ১০ জানুয়ারি ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকিন রহমান ও ২৯ জানুয়ারি সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামকে কুষ্টিয়া শহর থেকে আটক করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে ৮ এপ্রিল একটি সভা থেকে ১২ ও ১৩ এপ্রিল ধর্মঘট পালনের ঘোষণা দেয় ছাত্রদল। আটক নেতাদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নিতে তাঁরা ওই দিন প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে প্রশাসন তাঁদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় গতকাল ধর্মঘট পালন করে দলটি।
গতকাল বেলা দেড়টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় যাওয়ার সময় ছাত্রদলের নেতা কামরুলকে ছাত্রলীগের কয়েকজন কর্মী মারধর করেন। কামরুলের অবস্থা আশঙ্কাজনক দাবি করে ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারী জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা কাউকে অন্যায়ভাবে মারধর করেননি।
পরিবহন প্রশাসক মামুনুর রহমান জানান, পুলিশ প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো ক্যাম্পাসে আসার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।