তিনটি গ্রামে ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় মাত্র ১০ মিনিটব্যাপী কালবৈশাখীতে তিনটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শনিবার সকাল আটটার দিকে এসব গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে রাউজান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ছত্তরপাড়া, শাহনগর ও উপজেলার ডাবুয়া ইউনিয়নের পূর্ব হাসানের খিল। ঝড়ে অন্তত ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া প্রায় এক কিলোমিটার এলাকার বিদ্যুতের লাইনসহ অসংখ্য গাছপালা উপড়ে গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালবৈশাখীতে কয়েকটি ঘরের চালা উড়ে গিয়ে প্রায় ৪০ ফুট উঁচু একটি গাছের ডালের সঙ্গে আটকে গেছে। আবার কোনো কোনো বাড়ির চাল ১০০ থেকে ১৫০ ফুট দূরে গিয়ে আছড়ে পড়েছে। ভেঙে পড়েছে কিংবা মচকে গেছে ছোট-বড় ১০টি বিদ্যুতের খুঁটি। রাউজান পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক জিন্নাত আলী জানিয়েছেন, হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখীতে প্রায় এক কিলোমিটার বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।