তিনটি গ্রেটার কুদুর একটি মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চিড়িয়াখানায় সদ্য আনা তিনটি গ্রেটার কুদুর একটি নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মারা গেছে। প্রাণীটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।হরিণজাতীয় আফ্রিকার এই বিরল প্রাণী তিনটি আনা হয় গত ২৮ এপ্রিল। কুদুটি মারা গেছে গত মঙ্গলবার।চিড়িয়াখানার জন্য কুদুসহ ৪০ প্রজাতির ২৭০টি বন্য প্রাণী ও পাখি আনার কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল আহমেদ আঘাতজনিত কারণে একটি কুদুর মৃত্যুর খবর গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান। তিনি বলেন, একটি পুরুষ কুদু প্রথম দিন প্রকোষ্ঠে ছাড়ার সময় লোহার বেড়ার সঙ্গে জোরে ধাক্কা খায়। এই আঘাত সারিয়ে তোলা সম্ভব হয়নি। একটি কুদুর দাম সাত লাখ ৯০ হাজার টাকা।তবে ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এ বি এম শহীদউল্লাহর কার্যালয়ে গিয়ে বৃহস্পতিবার সকালে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো প্রাণী মারা যায়নি। এরপর বেলা ১১টার দিকে চিড়িয়াখানার নিবিড় পর্যবেক্ষণ এলাকায় গিয়ে দেখা যায়, কর্তৃপক্ষ ওই এলাকা দড়ির বেষ্টনী দিয়ে ঢেকে রেখেছে। জিরাফের পাশের প্রকোষ্ঠে দুটি কুদু দেখা যায়। আরেকটি কুদু কোথায়—জানতে চাইলে ওই প্রকোষ্ঠের তত্ত্বাবধায়ক মিন্টু হাওলাদার বলেন, একটি কুদু গত মঙ্গলবার সকালে মারা গেছে।দরপত্রের কার্যাদেশ অনুযায়ী, চিড়িয়াখানায় আনার পর ১৫ থেকে ২১ দিন পর্যন্ত প্রাণীগুলোকে সঙ্গনিরোধে (রোগ সংক্রমণ এড়াতে পৃথক রাখা) নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এই সময়ে কোনো প্রাণী মারা গেলে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে মৃত প্রাণীর দাম দিতে হবে না।