রংপুর কারমাইকেল কলেজের তিনটি ছাত্রাবাস প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। এগুলো চালু করার কোনো উদ্যোগ নেই।কলেজ সূত্রে জানা গেছে, গত বছর ১৫ মার্চ ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ছাত্রশিবির কলেজের ছাত্রাবাসে শক্তি বৃদ্ধি ও লাঠিসোটা মজুদ করে। পরে পুলিশ তা উদ্ধার করে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে শিবিরের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষকে নানা ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়। এ কারণে অধ্যক্ষ শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই অধ্যক্ষকে হুমকির প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন মানববন্ধন সমাবেশ করলে কলেজের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ পরিস্থিতিতে গত বছর ১৩ জুন কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী জিএল, সিএম ও ওসমানী এই তিনটি ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়। এরপর সেখানে বসবাসকারী ৪০০ শিক্ষার্থীর আসন বাতিল করা হয় এবং এসব ছাত্রাবাসে মেধার ভিত্তিতে নতুন করে শিক্ষার্থীদের আসন বণ্টন করা হবে বলে জানানো হয়। পরে কলেজের পক্ষ থেকে ওই বছরের ২০ জুন এই তিনটি ছাত্রাবাস পুরোপুরি খালি করে প্রতিটি কক্ষে তালা মেরে দেওয়া হয়। এদিকে বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে। ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সভাপতি মাহমুদ হোসেন বলেন, ছাত্রাবাস তিনটিতে মেধার ভিত্তিতে ছাত্রদের আসন বরাদ্দ দেওয়া হোক। ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক আবদুল্লাহ খান বলেন, কলেজের চারটি ছাত্রাবাস ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে থাকায় উদ্ভূত পরিস্থিতিতে তিনটি ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এত দিনেও কেন সেগুলো চালু করা হচ্ছে না তা তার বোধগম্য নয়। অবিলম্বে এসব ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি জানান তিনি।ছাত্রফ্রন্টের সভাপতি রোকনুজ্জামান বলেন, এমনিতেই শিক্ষার্থীদের আবাসন সংকট প্রকট। তার ওপর তিনটি ছাত্রাবাস এক বছর ধরে বন্ধ রয়েছে। এটি চলতে পারে না। নতুন করে শিক্ষার্থীদের মধ্যে আসন বরাদ্দ দিয়ে ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হোক।পুলিশ সুপার সালেহ মোহামঞ্চদ তানভীর বলেন, কলেজের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। কলেজ কর্তৃপক্ষ এখন নতুন করে শিক্ষার্থীদের আসন বণ্টন করতে পারেন। কারমাইকেল কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস বলেন, বন্ধ ছাত্রাবাস তিনটিতে ৪০০ শিক্ষার্থীর আসন রয়েছে। শিগগিরই ছাত্রাবাস তিনটি খুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সেখানে নতুন করে শিক্ষার্থীদের মধ্যে আসন বণ্টন করা হবে।