তিনটি ছাত্রাবাস এক বছর ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া বগুড়া সরকারি আযিযুল হক কলেজের তিনটি ছাত্রাবাস এক বছরেও খুলে দেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের বাইরে মেসে থাকতে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে। কলেজ সূত্রে জানা গেছে, এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর জন্য তিনটি ছাত্রাবাস ও দুটি ছাত্রীনিবাস রয়েছে। ২০০৯ সালের ২০ ডিসেম্বর ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যকার সহিংস ঘটনায় কর্তৃপক্ষ কলেজ এবং ছাত্রাবাস তিনটি বন্ধ ঘোষণা করেন। এরপর কলেজ খুললেও ছাত্রাবাস তিনটি আর খোলা হয়নি। গত বছরের জানুয়ারি মাসে একবার ছাত্রাবাস খোলার উদ্যোগ নেওয়া হলে কিছু ছাত্র সরকারি দলের ছাত্র সংগঠনের নামে তা দখলের চেষ্টা করলে কর্তৃপক্ষ আবার তালা লাগিয়ে দেয়। এরপর গত এক বছরেও এই তালা খোলা হয়নি। কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সিরাজুল ইসলাম বলেন, অনেক গরিব ছাত্র মেসে থেকে লেখাপড়ার খরচ জোগাতে পারছেন না। তাঁরা অল্প টাকায় এসব সরকারি ছাত্রাবাসে থাকতে পারলে সমস্যায় পড়তেন না। অবিলম্বে এসব ছাত্রাবাস খুলে দিয়ে গরিব ছাত্রদের সেখানে থাকার ব্যবস্থা করা প্রয়োজন। ইসলামের ইতিহাস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম বলেন, ‘দূরের ও গরিব শিক্ষার্থীদের জন্যই কলেজের ছাত্রাবাস। যদি বন্ধই থাকে, তাহলে সেই ছাত্রাবাস তৈরি করা হয়েছে কেন?’ছাত্রলীগ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা বলেন, এসব ছাত্রাবাস খুলে দিলে প্রায় ৫০০ শিক্ষার্থীর আর্থিক ও আবাসন সুবিধা হতো। ছাত্রদল কলেজ শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, হল খুলতে গিয়ে কলেজের পরিবেশ যেন অশান্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ছাত্রফ্রন্ট কলেজ শাখার সহসভাপতি রাধা রানী বর্মণ বলেন, হল খুলে তাতে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আসন বণ্টন করা দরকার।এ কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামতউল্লাহ বলেন, ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার বিষয়ে ছাত্রনেতা ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।