তিনটি ছাত্রাবাস কবে থেকে চালু হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাস ভবন নির্মিত হলেও চালু হয়নি এখনো  প্রথম আলো
পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাস ভবন নির্মিত হলেও চালু হয়নি এখনো প্রথম আলো

নির্মাণ শেষে ফিতা কেটে মন্ত্রী ভবন উদ্বোধন করেছেন বহু আগেই। তবে এখনো চালু করা যায়নি খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে নির্মিত তিনটি ছাত্রাবাস। জানা যায়, ছাত্রাবাস পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিয়োগ, কোন প্রতিষ্ঠান তত্ত্বাবধান করবে, কোন সংস্থা অর্থজোগান দেবে এসব এখনো ঠিক করা হয়নি।
খাগড়াছড়ি জেলার পানছড়ি, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় দরিদ্র ও দুর্গম এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত তিনটি ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ-খাগড়াছড়ি এই তিনটি ছাত্রাবাস সোয়া পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ করে ২০১১ সালের মার্চ মাসে। এ বছর ৩১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন মানিকছড়িতে নির্মিত ছাত্রাবাস ভবন উদ্বোধন করেন। প্রতিটি ছাত্রাসাসে ৮০ জন ছাত্রছাত্রী (৪০ জন বালক ও ৪০ জন বালিকা) থাকার ব্যবস্থা রয়েছে। ছাত্রাবাসে বিশ্রাম নেওয়া, পড়াশোনা, খাবার ও খেলাধুলার জন্য আলাদা আলাদা কক্ষ রয়েছে।
সম্প্রতি পানছড়ি উপজেলায় নির্মিত ছাত্রাবাসটি ঘুরে দেখা যায়, ভবন অব্যবহূত থাকায় ধুলায় ভর্তি প্রতিটি আসবাবপত্র।
ভবনে বিদ্যুৎ এর পাশাপাশি সৌর বিদ্যুৎ এর ব্যবস্থা রয়েছে। ব্যবহূত না হওয়ায় পানির মোটর, জেনারেটর নষ্ট হয়ে আছে, কিছু জানালার কাঁচও ভাঙা।
খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সোহরাব আলী জানান, ভবনগুলো নির্মাণকাজ শেষ হওয়ার পর তা সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা কমিটির আহ্বায়ক সাথোঅং মারমা বলেন, ‘আমাদের কেউ ছাত্রাবাস ভবন বুঝিয়ে দেয়নি। আর এসব ছাত্রাবাস কে পরিচালনা করবে, কারা অর্থায়ন করবে তা আমাদের কেউ জানায়নি।’
পানছড়ি উপজেলায় নির্মিত ছাত্রাবাসটি পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে নির্মিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ছাত্রাবাসের শিক্ষার্থীরা এ বিদ্যালয়েই পড়াশোনা করবে। পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুনুপ্রু মারমা বলেন, ছাত্রাবাসটি চালু হলে অনেক শিশু পড়াশোনার সুযোগ পাবে। দুর্গম, বেশি দূরে ও দারিদ্র্যের কারণে বহু শিশু পড়াশোনার সুযোগ পায় না। এই ধরনের বঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ পাবে এটা খুবই আনন্দের ব্যাপার। তবে তিনি ছাত্রাবাস পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ এখনো করা হয়নি এবং কে অর্থায়ন করবে তা এখনো জানানো হয়নি।