তিনটি টহল জাহাজ নির্মাণ করছে খুলনা শিপইয়ার্ড
বাংলাদেশ কোস্টগার্ডের জন্য তিনটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) বা উপকূলবর্তী টহল জাহাজ নির্মাণ করছে খুলনা শিপইয়ার্ড। এগুলো নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭০ কোটি টাকা। গতকাল রোববার দুপুরে খুলনা শিপইয়ার্ডে এই জাহাজ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠান (কিল লেয়িং) হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জাহাজ নির্মাণশিল্পে মাইলফলক হয়ে থাকবে খুলনা শিপইয়ার্ড। জলযান নির্মাণশিল্পে বাংলাদেশকে স্বাবলম্বী করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এই শিপইয়ার্ড। দেশের বিশাল সমুদ্র এলাকায় আগামী দিনের উপযোগী জলযান তৈরির চাহিদা পূরণের জন্য শিপইয়ার্ডটি সৃষ্টিশীল নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। এটি ইতিমধ্যে পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণ করে নিজের সক্ষমতা প্রমাণ করেছে। বহির্বিশ্বে মর্যাদা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, কোস্টগার্ডের জন্য দ্রুত গতিসম্পন্ন তিনটি আইপিভি নির্মিত হলে সমুদ্র এলাকায় নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় এই বাহিনীর ওপর অর্পিত দায়িত্ব পালন আরও সহজ হবে। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর কে কামরুল হাসান জানান, নির্মাণাধীন এসব জাহাজের বৈশিষ্ট্য হচ্ছে—এগুলোর সর্বোচ্চ দৈর্ঘ্য ৫০ দশমিক ৪০ মিটার, প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার, গভীরতা ৪ দশমিক ১০ মিটার, ড্রাফট ১ দশমিক ৯৪ মিটার, ডিসপ্লেসমেন্ট ৩০০ মেট্রিক টন ও সর্বোচ্চ গতি ২৩ নটিক্যাল মাইল। প্রতিটি জাহাজে দুটি ৩০ মিমি সেমি অটোমেটিক গান, দুটি ১৪ দশমিক ৫ মিমি গান ও দুটি এলএমজি সমরাস্ত্র থাকবে। জাহাজ নির্মাণকাজে কারিগরি সহায়তা করছে চায়নার সিএসওসি কোম্পানি।
কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী বলেন, নির্মাণাধীন এসব জাহাজ দিয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিয়মিত টহল দেওয়া, চোরাচালানবিরোধী অভিযান, দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা এবং পরিবেশদূষণ প্রতিরোধসহ নানা কার্যক্রম পরিচালনা করা হবে।
খুলনা শিপইয়ার্ড সূত্র জানায়, বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পের পথিকৃৎ হিসেবে এই শিপইয়ার্ডটি প্রায় ৬০ বছর আগে যাত্রা শুরু করে। এরপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ১৯৯৯ সালের ৩ অক্টোবর নৌবাহিনীকে হস্তান্তর করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। খুলনা শিপইয়ার্ড ইতিমধ্যে পাঁচটি যুদ্ধজাহাজ (প্যাট্রোল ক্র্যাফট) তৈরি করে নৌবাহিনীকে হস্তান্তর করেছে। বর্তমানে আরও দুটি বিশাল প্যাট্রোল ক্র্যাফট নির্মাণ করছে।