তিনটি টিভি চ্যানেল কয়েক ঘণ্টা দেখা যায়নি
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলার সময় গতকাল সোমবার দুপুরের পর থেকে তিনটি স্যাটেলাইট টেলিভিশন ঢাকাসহ কিছু জায়গায় কয়েক ঘণ্টা দেখা যায়নি।রাজধানীর বিভিন্ন স্থান থেকে লোকজন প্রথম আলোর কার্যালয়ে ফোন করে অভিযোগ করেন, তাঁরা একুশে টেলিভিশন, বাংলাভিশন ও ইসলামিক টেলিভিশন দেখতে পাচ্ছেন না। তবে ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থান থেকে এসব টেলিভিশন চ্যানেল দেখা গেছে বলে জানা গেছে।তিন টিভি চ্যানেল দেখা না যাওয়ার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেব্ল অপারেটর বলেন, প্রশাসনের চাপে কেব্ল অপারেটররা এই তিনটি চ্যানেলের প্রচার বন্ধ রেখেছেন।কেব্ল অপারেটর অব বাংলাদেশের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ দুটি চ্যানেল (বাংলাভিশন ও ইটিভি) বন্ধ রাখার বিষয়টি স্বীকার করলেও এর কোনো কারণ ব্যাখ্যা করেননি। তিনি বলেন, ‘আমিও শুনেছি, দুটি চ্যানেল বন্ধ আছে, কেন বন্ধ আছে জানি না।’