ডায়রিয়ার প্রকোপ বাড়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর শিগগির রাজধানী ঢাকা ও গাজীপুরের টঙ্গীতে তিনটি ডায়রিয়া ব্যবস্থাপনা কেন্দ্র খুলবে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এসব কেন্দ্রে চিকিৎসার নির্দেশনা তৈরি এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেবে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) বে-নজীর আহমেদ সভা শেষে প্রথম আলোকে বলেন, টঙ্গী সদর হাসপাতালে এবং ঢাকা সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতাল ও মহানগর শিশু হাসপাতালে এসব কেন্দ্র খোলা হবে। এ ছাড়া মাতুয়াইলের মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রও ব্যবহারের চিন্তা আছে।গতকালও মহাখালীতে আইসিডিডিআরবিতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভিড় দেখা যায়। এই হাসপাতালে গতকাল বিকেল চারটা পর্যন্ত ৪৮৯ জন নতুন রোগী ভর্তি হয়। গত সোমবার ভর্তি হয়েছিল ৭৩৫ জন। শনি ও রোববার ভর্তি হয় যথাক্রমে ৮০৫ ও ৭০৫ জন। এই হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, হঠাৎ গরম পড়ায় এবং লোডশেডিং বেড়ে যাওয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সভায় প্রাথমিক স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা ছাড়াও টঙ্গী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি এবং আইসিডিডিআরবির প্রতিনিধি উপস্থিত ছিলেন।বে-নজীর আহমেদ বলেন, একসময় আইসিডিডিআরবিতে মিরপুর এলাকার রোগী বেশি আসত। ২০০৯ সালে মিরপুরে একটি কেন্দ্র খোলার পর রোগী ব্যবস্থাপনায় সুবিধা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন এসব কেন্দ্র খোলার সিদ্ধান্ত হচ্ছে। তিনি জানান, আগামী মাসের (এপ্রিল) প্রথম সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা ৫০টি বিশেষ শয্যা আইসিডিডিআরবি সরকারকে দেবে।