তুরাগ নদ ও তৎসংলগ্ন জলাশয়গুলোকে অবৈধ দখল, ভরাট ও দূষণের অপরাধে তিনটি ড্রেজার, তিন হাজার ২০০ টন বালুসহ ১১টি নৌযান জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ সংরক্ষণ আইনে অভিযুক্তদের ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।তুরাগ নদের বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন থেকে আশুলিয়া স্লুইস গেট পর্যন্ত দেড় কিলোমিটার নৌপথে ওই অভিযানের সময় তিনটি অবৈধ ড্রেজার এবং বালুবোঝাই আটটি অবৈধ কার্গো জাহাজ আটক করা হয়েছে। এসব কার্গোতে প্রায় তিন হাজার ২০০ মেট্রিক টন বালু বোঝাই ছিল। এসব বালু বিভিন্ন নিম্নাঞ্চল ও জলাশয় ভরাট করার জন্য মেঘনা নদী থেকে আনা হচ্ছিল।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী পরিচালিত এ অভিযানে র্যাব-২-এর একটি দল ও বিআইডব্লিউটিএ অংশ নেয়। আটক করা নৌযানগুলোকে বিআইডব্লিউটিএর ল্যান্ডিং স্টেশনে বেঁধে রাখা হয়েছে।পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী বালু উত্তোলনের জন্য পরিবেশগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। এনফোর্সমেন্ট দলের অনুসন্ধানে গতকাল দেখা যায়, মেঘনা নদীর যেসব স্থান থেকে এসব নৌযানে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছিল, তার অনুকূলে কোনো ছাড়পত্র নেই।এ ছাড়া তুরাগ নদের ছিন্নিরটেক এলাকায় বিআইডব্লিউটিএর ল্যান্ডিং স্টেশনের অদূরে ১২ হাজার ১৯২ বর্গফুট এলাকায় বালু ফেলে নদী ভরাটের অপরাধে গতকাল আরও তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, ওই এলাকায় বিপুল পরিমাণ বালু ফেলায় নদীর প্রশস্ততা কমে যাচ্ছে। দণ্ড পাওয়া তিনটি প্রতিষ্ঠানই বিআইডব্লিউটিএর নিযুক্ত ঠিকাদার।