ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ফেলারামের খাল ভরাট করার কাজে ব্যবহূত তিনটি ড্রেজার ও ৩০টি পাইপ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরমাধবদিয়া এলাকার মমিন খাঁর হাট ও খলিল মণ্ডলের হাটের মধ্য দিয়ে বয়ে যাওয়া ফেলারামের খালটি এক মাস ধরে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ড্রেজারের সাহায্যে মাটি কেটে এনে ভরাট করছিলেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল মিয়া বলেন, আওয়ামী লীগের নেতা বাদশা মণ্ডল, কর্মী আসাদ মণ্ডল ও জামাল মিয়া খালটি ভরাটে নেতৃত্ব দেন। ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেব প্রসাদ পাল বলেন, ‘মঙ্গলবার দুপুরে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোস্তাফিজুর রহমান আর আমি র্যাব ও পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে খাল ভরাটের কাজে ব্যবহূত তিনটি ড্রেজার ও ৩০টি পাইপ জব্দ করে নিয়ে আসি।’এনডিসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে খাল ভরাটের কাজে নিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চরমাধবদিয়া ইউনিয়নের হাজি আসিরউদ্দীন মণ্ডলের ডাঙ্গি গ্রামের বাদশা মণ্ডল নিজেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের ৭৩ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় দিয়ে প্রথম আলোকে বলেন, ‘সরকারি জায়গা ভরাট করে রাস্তা করার উদ্যোগ নেওয়া হয়েছে—এ কথা সবাই জানে। দেড় মাস আগে এলাকার ২৩০ জনের স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারের (ভূমি) কাছে জমা দেওয়া হয়েছে। তবে যাদের নিয়ে রাস্তা করতে গিয়েছিলাম, তারা জনগণের লাভের চেয়ে নিজেদের লাভের দিকে নজর দেওয়ায় কাজটি সুন্দর হচ্ছিল না, এতে জনগণের কোনো উপকারও হবে না। তাই প্রশাসন যুক্তিসংগত কারণেই কাজটি বন্ধ করে দিয়েছে।’