তিনটি তদন্ত কমিটি গঠন চারজন বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল হামিদ, একতা ট্রেনের চালক আবদুল করিম, সহকারী চালক শরিফুল ইসলাম এবং গার্ড আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার ভোররাতে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ও ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে উভয় ট্রেনের কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন। দুটি ট্রেনের চারটি বগি লাইন থেকে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ওই দিন বিকেল চারটার পর থেকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার পর পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের পাকশী ডিভিশন-২ এবং দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ওই রেলস্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে ঢুকে পড়লে ওই ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় ট্রেনের কমপক্ষে ২৫ যাত্রী আহত হন। তাঁদের ১২ জনকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আমজাদ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের কারণে ট্রেন দুটিতে যাত্রী কম থাকায় হতাহতের ঘটনা কম হয়েছে।
দুর্ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় মহাব্যবস্থাপক ফেরদৌস আলম ঘটনাস্থলে আসেন। দায়িত্বে অবহেলার অভিযোগে তিনি চারজনকে সাময়িক বরখাস্ত করেন এবং পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের প্রধান প্রকৌশলী কাজী রফিকুল আলমকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
এর আগে সকাল ১০টার দিকে দিনাজপুরের জেলা প্রশাসক আহম্মেদ শামীম আল রাজি ঘটনাস্থল পরিদর্শন করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন আহম্মদকে আহ্বায়ক করা হয়। সদস্যরা হলেন দিনাজপুর পুলিশ সুপার (এসপি) সরোয়ার শামীম মোর্শেদ, ফুলবাড়ী সার্কেলের এএসপি সুমিত সরকার ও উপজেলা প্রকৌশলী শরিফুজ্জামান। অপর দিকে মাঠপর্যায়ে তদন্তের জন্য রেলের পাকশী ডিভিশন-২ পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, ফুলবাড়ী স্টেশনের মাস্টার ঠিকমতো কর্মস্থলে থাকেন না। স্টেশনের বুট-বাদাম বিক্রেতা ও দোকানিদের দিয়ে ট্রেন যাতায়াতের সিগন্যালের কাজ করান তিনি। দায়িত্বে অবহেলার কারণে দুই মাস আগে স্টেশনমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। অভিযোগ অস্বীকার করে স্টেশনমাস্টার আবদুল হামিদ বলেন, একতা ট্রেনের চালক সম্ভবত ঘুমাচ্ছিলেন। ওই ট্রেনকে লাইনে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এর পরও চালক ভুল করে একই লাইনে ঢুকে দুর্ঘটনা ঘটান।
পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় মহাব্যবস্থাপক ফেরদৌস আলম বলেন, অল্পসংখ্যক জনবল নিয়ে অনেক সমস্যার মধ্য দিয়ে ট্রেন চলাচল করাতে হচ্ছে। দুর্ঘটনাটি বড় হলেও হতাহত তেমন হয়নি। দায়িত্ব পালনে অবহেলার কারণে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।