তিনটি নতুন কূপ উদ্বোধন
সিলেটের জালালাবাদ গ্যাসক্ষেত্রে গতকাল রোববার জেবি-৬, জেবি-৭ ও জেবি-৯ নামে তিনটি নতুন কূপ উদ্বোধন করা হয়েছে। এ তিনটি কূপ থেকে দৈনিক ১৩০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। শেভরন বাংলাদেশ লিমিটেড জালালাবাদ গ্যাসক্ষেত্রের ব্লক-১৩ ও ব্লক-১৪-এ কূপগুলো খনন করে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হবে। উন্নয়ন ও অগ্রগতি ক্রমবর্ধমান হওয়ায় জ্বালানির চাহিদা উত্তরোত্তর বাড়ছে। এ চাহিদা মেটাতে গ্যাসের পাশাপাশি কয়লা, এলএনজি ও এলপি গ্যাসকে কাজে লাগানো হচ্ছে।
গ্যাসক্ষেত্রগুলোতে গ্যাস উত্তোলনসহ নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি শেভরনের সিএসআর কার্যক্রমের প্রশংসা করে বলেন, বাংলাদেশিদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে শেভরনের আরও এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিয়ন।
তথ্য বিবরণী।