তিনটি নতুন ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তিনটি নতুন ইউটিলিটি ফেরি চালু করা হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল শুক্রবার ফেরি তিনটি উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ফেরি তিনটির নাম দেওয়া হয়েছে রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা ও শাপলা-সালুক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মুঞ্জুরুল ইসলাম, যুগ্ম সচিব সোহরাব হোসেন শেখ, বিআইডব্লিউটিএর সদস্য (অপারেশন) ও যুগ্ম সচিব ভোলানাথ দে, বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) জ্ঞানরঞ্জন শীল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, ফেরিসংকটের কারণে আগে ঘরমুখী দক্ষিণাঞ্চলের অনেক যাত্রীকে ঘাটেই ঈদের নামাজ আদায় করতে হতো। কিন্তু এখন আর তা করতে হয় না।ফেরি নির্মাণকারী প্রতিষ্ঠান খান ব্রাদার্স অ্যান্ড শিপইয়ার্ডের তত্ত্বাবধানে প্রায় ২১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ফেরি তিনটি নির্মাণ করা হয়েছে।পাঁচ ফুট গভীর পানিতেই এসব ফেরি চলতে সক্ষম।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি