তিনটি পত্রিকা জঙ্গি সাংবাদিকতা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমার দেশ, নয়া দিগন্ত ও সংগ্রাম শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলনের বিষয়ে জঙ্গি সাংবাদিকতা শুরু করেছে। জামায়াতে ইসলামী, রাজাকার, আলবদর, আলশামসদের সেবাদাস এই পত্রিকাগুলো মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, ধর্মপ্রাণ মানুষের মনে উন্মাদনা তৈরি করে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।গতকাল বুধবার বিকেলে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দেশ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ধরনের আইন খতিয়ে দেখা হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তথ্যমন্ত্রী বলেন, দুর্বৃত্তদের হাতে নিহত আহমেদ রাজীব হায়দারের ব্লগ আর্কাইভে দেখা গেছে, সেখানে তাঁর জীবদ্দশায় ধর্মবিরোধী কোনো বক্তব্য ছিল না। কিন্তু তাঁর মৃত্যুর পর ধর্মবিরোধী এসব বক্তব্য ‘নূরানী চাপা সমগ্র’ নামের একটি ব্লগে পাকিস্তানে প্রথম ছাপা হয়। এই ব্লগটি খোলা হয়েছে রাজীব মারা যাওয়ার পর। যাঁরা ব্লগ পর্যবেক্ষণ করেন তাতে দেখা যাচ্ছে রাজীবের নামে নবী করিম (সা.) সম্পর্কে যে অশ্লীল বক্তব্য প্রচার করা হয়েছে তা আদৌ রাজীব মালিক কি না, সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। রাজীব হত্যার দুই ঘণ্টা পর এগুলো ছাপা হতে থাকে। সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া হামলার বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘গত হরতালে বিএনপি সরাসরি সমর্থন দিয়ে আমার কাছে মনে হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের যে নাটক ও চক্রান্ত চলছে সেই নাটকের বা হামলার প্রযোজক হচ্ছে বিএনপি, পরিচালক হচ্ছে জামায়াতে ইসলামী, অভিনেতা ও অভিনেত্রী হচ্ছে সশস্ত্র জামায়াত-শিবিরের জঙ্গিরা। আর এর পরিবেশক হচ্ছে আমার দেশ।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, সমগ্র দেশ যখন মানবতাবিরোধীদের বিচার চায় তখন বিএনপি সবাইকে ভালোবাসতে বলছে অর্থাৎ গোলাম আযম ও কাদের মোল্লাদের ভালোবাসতে বলছে। মসজিদে পেশ ইমামের সঙ্গে বেয়াদবি, গালিচা পুড়িয়ে দেওয়া, অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদে যাওয়ার চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়েছে কোনো একটা দূরে থেকে একটা ইন্ধন চলছে। বাংলাদেশের কাশিমবাজারের কুটি কখনো উত্তরায়, কখনো কারওয়ান বাজারে, কখনো মগবাজারে, কখনো কক্সবাজারে—এভাবে চলছে। কাশিমবাজারের কুটির মালিকেরা যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে।’তথ্যমন্ত্রী মসজিদের পবিত্রতা রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসতে আলেমদের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম।