তিনটি পত্রিকার বিরুদ্ধে সাংসদের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগে ও ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোসহ তিনটি দৈনিক পত্রিকার বিরুদ্ধে মামলা করেছেন ঢাকার মিরপুরের সরকারদলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার। গতকাল বৃহস্পতিবার দুটি পৃথক আদালতে তিনি এই মামলা করেন।
অন্য পত্রিকা দুটি হলো কালের কণ্ঠ ও ডেইলি সান।
প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলায় ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় কামাল আহমেদ মজুমদারের জবানবন্দি গ্রহণ করেন মহানগর হাকিম এস এম আশিকুর রহমান। আদালত মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনারকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মানহানির অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোর বিরুদ্ধে ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা জজ আদালতে আরেকটি মামলা করেন কামাল আহমেদ মজুমদার। ওই মামলায় নির্ধারিত কোর্ট ফি না দেওয়ায় আদালত আগামী ৯ সেপ্টেম্বর তা দাখিলের নির্দেশ দিয়েছেন। উভয় মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও বিশেষ প্রতিনিধি কামরুল হাসানকে বিবাদী করা হয়েছে।
মানহানির মামলায় অভিযোগ করা হয়, প্রথম আলোতে ১৭ আগস্ট ‘সাংসদের দপ্তরে “আদালত”’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে তাঁর মানহানি হয়েছে এবং তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
একই বিষয়ে কালের কণ্ঠ ও ডেইলি সান খবর প্রকাশ করায় পত্রিকা দুটির প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করা হয়। মানহানির অভিযোগে মহানগর হাকিম মোল্যা সাইফুল আলমের আদালতে এবং ক্ষতিপূরণ চেয়ে জেলা জজ আদালতে মামলা করা হয়।
আদালত মানহানির মামলায় অভিযোগ তদন্ত করে ডিবি পুলিশকে ২০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।