তিনটি পর্যবেক্ষণ কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে গতকাল বুধবার তিনটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।কমিটিগুলোকে পাবনা-সিরাজগঞ্জ এলাকার বাঘাবাড়ী দুগ্ধ কারখানা, শাহজাদপুর পূর্বাঞ্চল (পুঠিয়া) দুগ্ধ কারখানা, উল্লাপাড়ার লাহীড়ি মোহনপুর দুগ্ধ কারখানা ও ভাঙ্গুড়া দুগ্ধ কারখানা—এই চারটি ভোটকেন্দ্র পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে পর্যবেক্ষণ কমিটির তালিকাগুলো ফ্যাক্সযোগে বাঘাবাড়ী মিল্কভিটার কারখানার কার্যালয়ে পাঠানো হয়েছে। সমবায় অধিদপ্তর থেকে যুগ্ম নিবন্ধক মো. শোয়েবকে আহ্বায়ক করে ঢাকা জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ গালিব খান ও শাহজাদপুর উপজেলা সমবায় কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।মিল্কভিটার পক্ষ থেকে বাঘাবাড়ী দুগ্ধ কারখানার উপমহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন কারখানা ব্যবস্থাপক এ এফ এম ইদ্রীচ আলী, সমিতি ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ও প্রশিক্ষক টি আই এম রেজাউল করিম।এ ছাড়া শ্রম দপ্তর রাজশাহী বিভাগীয় যুগ্ম সচিবের স্বাক্ষরিত পত্রে চার সদস্যবিশিষ্ট একটি কমিটির নাম দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন সহকারী পরিচালক মো. মনিরুল আলম ও মো. সামসুল আলম (রাজশাহী শ্রম দপ্তর), শ্রম কর্মকর্তা মো. আবুল হোসেন (আঞ্চলিক কার্যালয় বগুড়া) ও মো. আল মোতাজিদুল ইসলাম (রাজশাহী)।এ বিষয়ে সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মো. শোয়েবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কমিটিগুলোর কথা স্বীকার করে বলেন, রাতেই তিনি ঢাকা থেকে বাঘাবাড়ীতে আসবেন।উল্লেখ্য, গত মঙ্গলবার প্রথম আলোয় ‘মিল্কভিটার নির্বাচনে ভয়ভীতি দেখানোর অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কর্তৃপক্ষ গতকাল এই তিনটি কমিটি গঠন করে।