তিনটি পার্বত্য উপজেলা ছয় দিন ধরে অন্ধকারে
খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের আওতাধীন দীঘিনালা এবং রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলা ছয় দিন ধরে অন্ধকারে রয়েছে।দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ জানান, ছয় দিন ধরে বিদ্যুৎ না থাকায় রেফ্রিজারেটরে রাখা ইপিআই কার্যক্রমের টিকা গলে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার সর্বত্র বরফ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিদ্যুৎ না থাকায় শ্বাসকষ্টের রোগীর নেবুলাইজার ও শিশুদের কফ অপসারণের যন্ত্র চালানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পানি সরবরাহ ব্যবস্থাও বন্ধ রয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় থানার কর্মকর্তা, কনস্টেবলসহ ৫৪ জন কর্মচারীকে পানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। থানার ওয়্যারলেসগুলোর ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। বিদ্যুৎ না এলে যেকোনো সময় ওয়্যারলেস যোগাযোগও বন্ধ হয়ে যেতে পারে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটহাজারী গ্রিড উপকেন্দ্র থেকে খাগড়াছড়ি পর্যন্ত ১৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যার কারণে পাঁচ দিন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সর্বশেষ মঙ্গলবার দীঘিনালা উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় দীঘিনালা এবং রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু—এই তিন উপজেলায় ছয় দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, হাটহাজারী গ্রিড উপকেন্দ্র থেকে ১৩৫ কিলোমিটার দূরে খাগড়াছড়ির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়। এ উপকেন্দ্রের আওতায় খাগড়াছড়ি, দীঘিনালা, মহালছড়ি, রামগড় ও জালিয়াপাড়ায় ৩৩ কেভি সম্পন্ন পাঁচটি উপকেন্দ্র রয়েছে। এসব উপকেন্দ্রের মাধ্যমে খাগড়াছড়ির আটটি ও রাঙামাটির তিনটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। জেলায় বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা না থাকায় ১৩৫ কিলোমিটারের এলাকায় শত শত খুঁটির মধ্যে প্রাকৃতিক গোলযোগ বা বজ্রপাতে কোনো একটি খুঁটির ইনসুলেটর (খুঁটিতে বিদ্যুতের তার আটকানোর চীনামাটির তৈরি খাপ) নষ্ট হলে উপকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা যায় না। বর্তমানে দীঘিনালা উপকেন্দ্রে একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কখন চালু হবে, তা অনিশ্চিত হয়ে পড়েছে। বাঘাইছড়ি উপজেলা আবাসিক প্রকৌশলী মো. ফখরুজ্জামান জানান, সম্প্রতি ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশ কয়েকটি এলাকায় গাছ উপড়ে পড়েছে। সংযোগ দেওয়ার জন্য চেষ্টা চলছে।দীঘিনালা বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা জানান, কয়েক দিন হাটহাজারী থেকে ১৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি ছিল। ওই ত্রুটি ঠিক করার পর এখন নতুন করে দীঘিনালা উপকেন্দ্রের একটি শক্তিশালী ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। ট্রান্সফরমারটি সচল করে বিদ্যুৎ সরবরাহ কখন চালু করা হবে, তা-ও বলা সম্ভব হচ্ছে না।