তিনটি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকায় অবস্থিত এস কে ক্রিস্টাল সেলসিয়াস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে এক কর্মকর্তার অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার দাবিতে টঙ্গীর সাতাইশ এলাকার কোলোসাস অ্যাপারেলস লিমিটেড কারখানা ও বকেয়া বেতনের দাবিতে আবদুল্লাহপুর এলাকার বেসিক গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা একই কর্মসূচি পালন করেছেন।কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের তেলিপাড়া এলাকার ক্রিস্টাল সেলসিয়াস কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও প্রশাসনিক কর্মকর্তা মো. রাইসুল আলমকে অপসারণের দাবিতে সকাল আটটার দিকে কাজে যোগ না দিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সকাল ১০টার দিকে কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা মিছিল নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে দেখা করার উদ্দেশে কারখানা এলাকা ত্যাগ করেন। কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করেছে। দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের কাছে গিয়ে শ্রমিকেরা তাঁদের দাবি জানান।মেয়র এম এ মান্নান বলেন, ‘আমি বিষয়টি দেখব। যা হওয়ার নিয়মানুযায়ীই হবে।’ টঙ্গী মডেল থানা পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে টঙ্গীর সাতাইশ এলাকার কোলোসাস অ্যাপারেলস লিমিটেড কারখানার ২৭ জন শ্রমিককে কাজে যোগদান থেকে বিরত রাখা হয়। কারখানা কর্তৃপক্ষ তাঁদের জানায়, গত ২২ জুলাই কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক সরিফুল ইসলাম পাঠানকে মারধর করার অভিযোগে ওই শ্রমিকদের বিরুদ্ধে টঙ্গী থানায় দায়ের হওয়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরা কারখানায় যোগদান করতে পারবেন না। এ সিদ্ধান্তের প্রতিবাদে কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মবিরতি শুরু করেন। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।আবদুল্লাহপুর এলাকার বেসিক গার্মেন্টস লিমিটেড কারখানাটি শ্রমিকদের বেতন বকেয়া রেখে গতকাল পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মিছিল নিয়ে টঙ্গী বাজার এলাকার সেনাকল্যাণ ভবনে যান। এ সময় তাঁরা ওই ভবনে অবস্থিত অ্যবা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। অ্যাবার শ্রমিকেরা এ আহ্বান প্রত্যাখ্যান করলে তাঁরা সেনাকল্যাণ ভবনের বাইরের দেয়াল ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।