যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি ফেরি বিকল হওয়ায় এবং নদীতে তীব্র স্রোত থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল সোমবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ইউটিলিটি ফেরি ‘হাসনাহেনা’ বিকল হয়ে পড়ে। ফেরিটিকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে। এর আগে রোববার বিকেলে ‘কাবেরী’ নামের একটি কেটাইপ ফেরি বিকল হয়ে পড়ে। সেটিকেও ভাসমান কারখানায় রাখা হয়। এ ছাড়া দুই মাস আগে ‘মাধবীলতা’ নামের আরেকটি ইউটিলিটি ফেরি বিকল হয়ে ভাসমান কারখানায় পড়ে আছে। ফেরিটির কিছু গুরুত্বপূর্ণ খুচরা যন্ত্রাংশ জোগাড় করতে না পারায় মেরামত করতে দেরি হচ্ছে।
সূত্র জানায়, ফেরি-স্বল্পতার পাশাপাশি নদীতে পানি বাড়ার কারণে তীব্র স্রোত¯দেখা দিয়েছে। ফলে নৌ পারাপারে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। আগে ২৪ ঘণ্টায় একেকটি ফেরি ২৩ থেকে ২৪টি করে ট্রিপ দিতে পারলেও স্রোতের কারণে এ সংখ্যা কমে ২০টিতে নেমে এসেছে। ফলে উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকে পড়ছে।
গতকাল বেলা তিনটার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকায় লম্বা গাড়ির সারি দেখা যায়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ফেরি-সংকটের পাশাপাশি নদীতে তীব্র স্রোত দেখা দেওয়ায় ফেরির ট্রিপ কমে গেছে। আগের তুলনায় বেশি সময় লাগায় উভয় ঘাটে গাড়ি আটকা পড়ছে।