তিনটি ফেরি বিকল দৌলতদিয়ায় গাড়ির দীর্ঘ সারি
তিনটি ফেরি বিকল হওয়ার পাশাপাশি পরিবহন ধর্মঘটের পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে একত্রে অতিরিক্ত গাড়ি আসায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে দুই দিন ধরে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলেও কয়েক শ গাড়ির লম্বা সারি ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ছোট-বড় মোট ১৮টি ফেরি চলাচল করে। এর মধ্যে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ নামক একটি রোরো (বড়) ফেরি গত মঙ্গলবার বিকেলে ইঞ্জিন সমস্যায় বসে পড়ে। দ্রুত স্থানীয়ভাবে ভাসমান কারখানায় মেরামত শেষে বুধবার সন্ধ্যার দিকে বের করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলেই ‘কাবেরী’ নামক কেটাইপ ফেরির ডান পাশের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেটিকেও ভাসমান কারখানায় নেওয়া হয়। এখনো সেটি বের হতে পারেনি। এ ছাড়া পাঁচ দিন ধরে ‘কুমারী’ নামক কেটাইপ ফেরি ও ‘মাধবীলতা’ নামক একটি ইউটিলিটি ফেরি প্রায় এক মাসের বেশি সময় ধরে বিকল হয়ে বসে আছে। ফেরিস্বল্পতার পাশাপাশি পরিবহন ধর্মঘট শেষে দক্ষিণাঞ্চল থেকে একত্রে তুলনামূলক বেশিসংখ্যক গাড়ি আসায় বুধবার দুপুর থেকে দৌলতদিয়াঘাটে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। গতকাল বিকেলেও ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার লম্বা গাড়ির সারি পড়ে ছিল। এর মধ্যে অধিকাংশ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান দুই দিন ধরে আটকে আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরিস্বল্পতার সঙ্গে পরিবহন ধর্মঘট শেষে হঠাৎ করে বাড়তি গাড়ি আসায় ঘাটে চাপ সৃষ্টি হয়। গত ২৪ ঘণ্টায় এই নৌপথ দিয়ে আট শতাধিক যাত্রীবাহী বাস, ১ হাজার ১০০ পণ্যবাহী ট্রাক ও আট শতাধিক ছোট গাড়ি পার হয়। স্বাভাবিক সময়ে এত গাড়ি পার হয় না। গতকাল বিকেলেও দুই শতাধিক ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় আটকে ছিল বলে জানান তিনি।