তিনটি বাঘ হত্যার দায়ে চারজনের কারাদণ্ড
সুন্দরবন থেকে অবৈধভাবে রয়েল বেঙ্গল টাইগার হত্যা করে চামড়া ও অঙ্গ-প্রত্যঙ্গ চোরাচালানের চেষ্টার দায়ে চারজন শিকারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, জরিমানা ও ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। বাগেরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এর বিচারক মো. জামাল হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।দণ্ড পাওয়া চারজন হলেন শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জামাল ফকির (৪০), খয়ের বয়াতি (৬৫), ধলু মোল্লা (৪২) ও হেমায়েত হাওলাদার (৩৫)। এঁদের মধ্যে জামাল ফকির ও খয়ের বয়াতি বাগেরহাট কারাগারে এবং অপর দুজন পলাতক।জামাল ফকিরকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের; খয়ের বয়াতিকে আড়াই বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের এবং হেমায়েত ও ধলু মোল্লাকে আদালত তিন বছর কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া চার আসামির প্রত্যেককে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে সুন্দরবন পূর্ব বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা ক্রেতা সেজে শরণখোলা উপজেলার বাংলাবাজার গ্রাম থেকে তিনটি বাঘের চামড়া, চারটি খুলি ও ৩১ কেজি হাড়সহ জামাল ফকিরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সুন্দরবন পূর্ব বিভাগের ফরেস্টার কে এম কবির উদ্দিন বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে বন আইনে বন আদালতে মামলা করেন।