তিনটি বাল্যবিবাহ বন্ধ তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দুটি বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন মেয়াদে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পৌর এলাকার দুটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। পাশাপাশি এক কনের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও মির্জা সাকিলা দিল হাছিন বলেন, পৌর এলাকার টিকরামপুর এলাকায় গতকাল শুক্রবার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে। এ সময় বর ও কনেপক্ষের অভিভাবকেরা পালিয়ে গেলেও কনের চাচা ও বরের ফুপাকে আটক করে পুলিশ। পরে স্থানীয় সাবেক কাউন্সিলর কামাল উদ্দীন কনের বাবাকে (৪২) ইউএনওর কাছে নিয়ে এলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, একই দিন সকালে পৌর এলাকার কল্যাণপুর বাগানপাড়ার পঞ্চম শ্রেণিপড়ুয়া এক মেয়েকে একই এলাকার মাহমুদুল হক দুলালের ছেলে সাগর আলীর (১৮) সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল। কনের জন্মসনদ অনুযায়ী তার বিয়ের বয়স না হওয়ায় বিয়ে বন্ধের জন্য উভয় পরিবারের অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়। প্রাপ্ত বয়স না হলে কেউ বিয়ে দেবে না, উভয় পরিবারের পক্ষ থেকে এ রকম লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হয়। এরপরও যদি বিয়ে দেয়, তবে সে ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।
উল্লাপাড়া উপজেলায় বাল্যবিবাহ পড়ানোর সময় বর ও মৌলভিকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উল্লাপাড়ার ইউএনও সন্দ্বীপ কুমার সরকার এই রায় দেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী আলী আহাম্মেদ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর (১৩) সঙ্গে বেলকুচি উপজেলার শকুনা গ্রামের রফিকুল ইসলামের (২৫) বিয়ে হচ্ছিল। বিয়ে পড়াচ্ছিলেন মৌলভি আবদুল হানিফ। গোপন সূত্রে খবর পেয়ে উল্লাপাড়ার ইউএনও সন্দ্বীপ কুমার সরকারের নেতৃত্বে থানা-পুলিশ বৃহস্পতিবার রাতেই বিয়েবাড়িতে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বর, কনে, মৌলভি ও কনের এক বোনকে আটক করে। এ সময় বিয়েবাড়ির লোকজনসহ বরযাত্রীরা সবাই পালিয়ে যান। রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক বর রফিকুল ইসলামকে ১৫ দিনের ও মৌলভি আবদুল হানিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আটক অন্যদের ছেড়ে দেওয়া হয়। সাজা প্রদানের পর গতকাল শুক্রবার দুজনকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।