দুটি বাস সার্ভিস উদ্বোধন করলেন হাসিনা-মোদি-মমতা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ও ভারতের মধ্যে দুটি বাস সার্ভিস উদ্বোধন করেছেন। কলকাতা-ঢাকা-আগরতলা-কলকাতা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি-ঢাকা রুটে এই দুটি বাস চলাচল করবে।
বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে দুই প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দু’দেশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩টা ৪০ মিনিট একই গাড়িতে চড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। এরপর তাঁরা কলকাতা-ঢাকা-আগরতলা বাসে যান এবং বাস যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর তাঁরা কলকাতা-ঢাকা-আগরতলা-কলকাতা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি-ঢাকা রুটের বাসে যান এবং বাস যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে দুই প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি সুসজ্জিত মঞ্চে ওঠেন। সেখানে শেখ হাসিনা ঢাকা-শিলং-গুয়াহাটি বাসের একটি প্রতীকী টিকিট নরেন্দ্র মোদিকে দেন। মোদি ও মমতা কলকাতা-ঢাকা-আগরতলা বাসের একটি প্রতীকী টিকিট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেন। পরে তাঁরা পতাকা উড়িয়ে তিন বাসের যাত্রীদের বিদায় জানান।