বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ২৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাঁদের কাছ থেকে পরিবহন সেবা বাবদ ২০০ টাকা হারে বছরে ৫৬ লাখ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু তাঁরা পরিবহন সেবা পান না বললেই চলে। বর্তমানে জোড়াতালি দিয়ে চলছে দুটি পুরোনো গাড়ি। তা-ও অনিয়মিত।
কলেজ কর্তৃপক্ষ বলছে, নতুন একটি বাস কেনার জন্য টাকা দেওয়া হয়েছে। পরিকল্পনা আছে আরও একটি কেনার। এই দুটি বাস পেলে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা থাকবে না। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বিএম কলেজের শিক্ষার্থীদের জন্য দুটি গাড়ি দেন। ১৯৯৫ সালে রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস দেন আরেকটি। এরপর গত ২০ বছরে আর কোনো গাড়ি দেওয়া হয়নি বা কলেজ কর্তৃপক্ষও কেনেনি। ফলে এই তিনটি গাড়ি দিয়েই এত দিন সেবা দিয়ে আসছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থী ও পরিবহন কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই তিনটি গাড়িও এখন ঠিকমতো সেবা দিতে পারছে না। প্রায়ই বন্ধ থাকে। মেরামত করতে হয় মাঝেমধ্যেই। এর মধ্যে একটি বাস তো অনেক দিন ধরেই বন্ধ।
শিক্ষার্থীরা জানান, পরিবহন সুবিধা না পাওয়ায় অন্য জেলা বা উপজেলার শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি। তাঁরা একদিকে কলেজে টাকা দিচ্ছেন। আবার সারা বছর কলেজে আসা-যাওয়া বাবদ বাড়তি খরচও করতে হচ্ছে। তাঁদের অভিযোগ, যে দুটি গাড়ি আছে, তা-ও পরীক্ষার অজুহাতে প্রায়ই বন্ধ থাকে।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কলেজের গ্যারেজে তিনটি বাস। তবে ওই দিন একটিও চলেনি। ঝালকাঠি, গৌরনদী, টরকী, উজিরপুর ও বানারীপাড়াসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা এসে গাড়ির শেডে দাঁড়িয়েছেন। কিন্তু বাসচালকেরা জানিয়ে দেন, গাড়ি যাবে না।
গাড়ি না পেয়ে কিছুটা ক্ষুব্ধ দেখা যায় উজিরপুর থেকে আসা শিক্ষার্থী অপূর্ব বৈদ্যকে। প্রতিদিন বাড়ি থেকে আসা-যাওয়া করে ক্লাস করেন এই ছাত্র। কলেজের বাসচালক রেজাউল ইসলাম ও মো. রফিকুল ইসলামের সঙ্গেও কথা হয়। তাঁরা বলেন, পুরোনো গাড়ি চালাতে তাঁদের সমস্যা হয়। মাঝেমধ্যেই মেরামত করতে হয়।
কলেজ অধ্যক্ষ এম ফজলুল হক বলেন, একটি বাস কেনার জন্য এক কোম্পানিকে ১৮ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে ওই গাড়িটি এখনো পাওয়া যায়নি। এ ছাড়া আরও একটি গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে। এই গাড়িগুলো পেলে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা থাকবে না। তিনি বলেন, শিক্ষার্থীদের টাকা পরিবহন খাতেই খরচ হচ্ছে। এখনো এই খাতের প্রায় ৪৫ লাখ টাকা জমা আছে।