ফরিদপুরে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত মঙ্গলবার রাতে তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হাসিবুল হাসান ওরফে লাবলুর বাড়িও রয়েছে। এ ছাড়া একটি হোটেল ও একটি ক্লাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল এ ঘটনা নিয়ে ফরিদপুর প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। এলাকাবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা ছাত্রলীগ দুভাগে বিভক্ত। এক অংশ শ্রমমন্ত্রীর ও অপর অংশ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লাবলুর সমর্থক। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ফরিদপুর তিতুমীর বাজারের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে একাংশের কর্মী আসিবুর রহমানের সঙ্গে অপর অংশের সমর্থক খন্দকার নাসির কাদেরের বচসা হয়। এ ঘটনায় আসিবুর আঘাতপ্রাপ্ত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার ১৫ মিনিট পর আসিবুরের সমর্থক ২৫-৩০ জন শহরের আলীপুর মহল্লার কবি জসীমউদ্দীন সড়কে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবির শফি দিনার, নাসির কাদের ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লাবলুর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা হামলার আগে আলীপুরের রেড ক্রিসেন্ট মার্কেটের সামনে অবস্থিত দুই পেট্রলবিক্রেতা সাদ্দাম হোসেন ও মো. সেলিমের দোকান থেকে প্রায় ৬০ লিটার তেল ছিনিয়ে নিয়ে যায়।দিনারের বড় ভাই মো. কাজল জানান, হামলাকারীরা তাঁর একটি মোটরসাইকেল ভাঙচুর, অকথ্য ভাষায় গালিগালাজ ও দেয়ালে তাঁর মাথা ঠুকে দেয়। এরপর হামলাকারীরা বাড়ির প্রতিটি ঘরে ঢুকে জানালার কাচ ভাঙচুর করে ও পেট্রল ছিটিয়ে দেয়। পরে হামলাকারীরা পাশের খন্দকার নাসিরের বাড়িতে হামলা চালায়। নাসিরের মা নাসরিন আক্তার জানান, বাড়িতে ইট নিক্ষেপ করে পেট্রল ঢেলে দেওয়া হয়। এরপর হামলাকারীরা লাবলুর বাড়িতে হামলা চালায়। লাবলুর বড় ভাই আতিকুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার জানান, হামলাকারীরা ঘরের কাচ ভাঙচুর ও বাড়ির তত্ত্বাবধায়ক জোবায়ের ইসলামের শরীরে পেট্রল ঢেলে দেয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় হামলাকারীদের হাতে স্বেচ্ছাসেবক লীগের হেমায়েত হোসেন ও হাসিবুল হাসানের ভাতিজা মো. খোকন আহত হন। র্যাব দুজন হামলাকারীকে ছয় লিটার পেট্রলসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাজহারুল ইসলাম (২৬) ও শহরের দক্ষিণ টেপাখোলা এলাকার মাহফুজুল হোসেন (২৭)। পুলিশ গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দিয়েছে।ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত ১০টার দিকে লাবলুর স্ত্রী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা হাসানের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চাই।’ হাসিবুলের ভাই জেলা আওয়ামী লীগের নেতা মনিরুল হাসান অভিযোগ করেন, শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেনের নির্দেশে এ হামলা চালানো হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ঘটনার প্রতিবাদে ঝর্ণা হাসান ফরিদপুর প্রেসক্লাবে এক লিখিত বক্তব্যে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।বিকেল সাড়ে চারটায় ছাত্রলীগের মো. আসিবুর রহমান প্রেসক্লাবে এক পাল্টা সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার রাতে জাবির শফি দিনার, নাজমুল হাসান ও খন্দকার সাগরসহ ভাড়াটে সন্ত্রাসীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। তবে পরে বিভিন্ন বাড়িতে কারা হামলা চালিয়েছিল, তা তিনি জানেন না বলে দাবি করেন।খন্দকার মোহতেশাম হোসেন বলেন, ‘আলীপুর মহল্লার বিভিন্ন বাড়িতে কারা হামলা চালিয়েছে, তা আমার জানা নেই। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা এ সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে ও যারা ইন্ধন দিয়েছে, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ফরিদপুরে কোনোভাবে ও কাউকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।’