সকাল থেকে তিন দফা বৃষ্টির মধ্যেও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে যথেষ্ট ভোটার উপস্থিতি ছিল। দুটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত থাকা এবং একটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৭০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন।সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। দুপুরের দিকে পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের সমর্থকদের হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেন মেয়র পদের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ১৪ দল-সমর্থিত শওকত হোসেন ও ১৮ দল-সমর্থিত আহসান হাবিব। এর জেরে দুজনের উপস্থিতিতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘাতের কারণে পৌনে দুইটায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এক ঘণ্টা পর আবার ভোট গ্রহণ শুরু হয়। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল কবির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। শওকত হোসেন বেলা দুইটায় ওই কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রথম আলোকে বলেন, ভোট জালিয়াতির খবর পেয়ে বেলা একটার পর তিনি এসে দেখেন, তাঁর টেলিভিশন প্রতীক সংবলিত ব্যাজ গলায় ঝুলিয়ে কয়েকজন অপরিচিত লোক কেন্দ্রে ঘুরছেন। তিনি বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তাকে জানান। পরে ওই কেন্দ্র থেকে বের হওয়ার সময় তিনি আহসান হাবিবকে দলীয় লোকজনসহ কেন্দ্রে ঢুকতে দেখে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন। কিন্তু উত্তেজিত আহসান হাবিব হাত না বাড়িয়ে গালিগালাজ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে একপর্যায়ে মাহমুদ নামে আহসান হাবিবের একজন সমর্থক তাঁকে মারতে উদ্যত হন। এ সময় তাঁর কর্মীরা উত্তেজিত হয়ে উঠলে হাতাহাতি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিনি কেন্দ্র ছেড়ে এসেছেন।আহসান হাবিব তখন ওই কেন্দ্রে ছিলেন। তিনি পাল্টা অভিযোগ করে প্রথম আলোকে বলেন, শওকত হোসেনের সঙ্গে থাকা সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। শওকত তাঁর কপালে ঘুষি দিয়েছেন এবং কপাল কেটে রক্ত ঝরেছে।দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে শওকতের সমর্থকদের ধস্তাধস্তির জের ধরে পাঁচ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাহাবুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।বিকেল চারটার কিছুক্ষণ আগে আমানতগঞ্জের ওয়াপদা কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে জিলানী নামের একজনকে আটক করে জনতা।