তিনটি বিদেশি বন্দুকসহ সাত হরিণ শিকারি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গত রোববার গভীর রাতে সুন্দরবনের কালাবগী এলাকা থেকে বিদেশি বন্দুকসহ সাত হরিণ শিকারিকে আটক করেছেন। বন আইনে মামলা দায়েরের পর গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যও রয়েছেন।সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, রোববার রাতে একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) নিয়ে কয়েকজন লোক সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে হরিণ শিকার করেছেন বলে গোপনে সংবাদ পেয়ে বন বিভাগের চারটি দল অভিযান চালায়। পরে রাত একটার দিকে সুন্দরবনের শিবসা নদীর কালাবগীর খালের মুখে ট্রলারসহ সাতজনকে আটক করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তা ও বন প্রহরীরা ট্রলারে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি বন্দুক, ৫৩টি কার্তুজ, দুটি হরিণের আটটি পা উদ্ধার করেন। আটক ব্যক্তিরা হলেন মামুনুর রশীদ, কোরবান গাজী, দাকোপের চালনার ইউপির সদস্য সাহাবুদ্দিন মোল্লাসহ নুরুল ইসলাম শেখ, খোকন গাজী, দলিল বৈদ্য ও জিয়াউল ইসলাম। বন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।