তিনটি বিদ্যালয় ভাঙচুর, প্রধান শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটা অঙ্কের টাকা দিয়েও এসএসসি পরীক্ষা দিতে না পারায় গতকাল রোববার গাজীপুরের টঙ্গীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। লাঞ্ছিত করেছে বোর্ড বাজার এলাকার ইউনিক এডুকেয়ার স্কুলের প্রধান শিক্ষককে।
ভাঙচুর হওয়া প্রতিষ্ঠানগুলো হলো টঙ্গীর মুন্নু টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়, জামাইবাজার এলাকার ডেফোডিল স্কুল অ্যান্ড কলেজ ও মধুমিতা রোডের মেহের নিগার উচ্চবিদ্যালয়।
এর মধ্যে মেহের নিগার উচ্চবিদ্যালয়ের চারজন ও ইউনিক এডুকেয়ারের একজন শিক্ষার্থীর মুন্নু টেক্সটাইল উচ্চবিদ্যালয় থেকে এবং ডেফোডিল স্কুলের চারজন শিক্ষার্থীর ঢাকার উত্তরখান কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তারা সবাই নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিল।
টঙ্গী মডেল থানায় কথা হয় ইউনিক এডুকেয়ারের প্রধান শিক্ষক আবদুল মালেকের সঙ্গে। তিনি স্বীকার করেন ২০ হাজার টাকা নিয়েও এক ছাত্রকে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করাতে পারেননি। এত টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বুঝেনই তো ফেল করা ছাত্র। অন্য স্কুলে ম্যানেজ করতে হয়।’
ডেফোডিল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাসনাত হোসেন বলেন, ‘অন্য স্কুলের ফেল করা ২১ জন শিক্ষার্থীকে অর্থের বিনিময়ে ঢাকার উত্তরখান কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা হয়েছিল। এদের মধ্যে ১৭ জনের অনুমতি পাওয়া যায়। কিন্তু বোর্ড থেকে চারজনের অনুমতি পাওয়া যায়নি।