তিনটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বৃহস্পতিবার তিনটি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন। তিনটি কেন্দ্রই গ্যাসভিত্তিক।
গণভবন থেকে প্রধানমন্ত্রী সকালের দিকে এগুলো উদ্বোধন করেন। এ ছাড়াও তিনি সিলেটের কাজীর বাজার এলাকায় সুরমা নদীর ওপর নবনির্মিত কাজীর বাজার সেতু, বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প ও এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শেখ হাসিনা মানিকগঞ্জ জেলার হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত নয়াকান্দি সেতুসহ কিটিংচর ও সাটুরিয়া সেতু উদ্বোধন করেন। জেলার হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত চার লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।
প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত বলভদ্র সেতুও উদ্বোধন করেন। এ ছাড়া পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যক্রম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত জননেত্রী শেখ হাসিনা হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল উদ্বোধন করেন শেখ হাসিনা।