চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শল্য, মেডিসিন ও ডেন্টাল বিভাগে চিকিৎসক নেই। এই হাসপাতালে চিকিৎসকের নয়টি পদের মধ্যে মাত্র চারজন কর্মরত আছেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসকের প্রথম শ্রেণীর নয়টি পদের মধ্যে পাঁচটিই শূন্য। এগুলো হলো: আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), কনিষ্ঠ পরামর্শক (শল্য) ও সহকারী সার্জনের (ডেন্টাল) এবং কনিষ্ঠ পরামর্শক (মেডিসিন) ও চিকিৎসা কর্মকর্তা। তবে কনিষ্ঠ পরামর্শক (মেডিসিন) নামে থাকলেও তাঁকে প্রেষণে রাখা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। দামুড়হুদা উপজেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে চিতলা গ্রামে ১৯৭৩ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। এখানে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌর এলাকার প্রায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ও বহির্বিভাগে নিয়মিত ২০০ থেকে ২৫০ এবং আন্তবিভাগে গড়ে ৩৫ জন রোগীর চিকিৎসা দেওয়া হয়।চিকিৎসকসংকট থাকায় জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা সহকারীদের দিয়ে রোগীদের সামাল দিতে হয়। বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ছয়জন সহকারী সার্জন দিয়েও ঘাটতি পূরণের চেষ্টা করা হয়। এ ছাড়া, স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র ডেন্টাল টেকনিশিয়ান নাজমুল হাসান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ২০০৪ সালে অস্ট্রেলিয়া চলে যান। দীর্ঘদিনেও তাঁর পদটি শূন্য ঘোষিত না হওয়ায় ওই পদে নতুন লোক দেওয়া হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের সাতটি ফার্মাসিস্টের পদ থাকলেও রয়েছেন তিনজন। নয়জন নার্সের মধ্যে দুজনকে দীর্ঘদিন প্রেষণে চুয়াডাঙ্গা ও মাগুরা সদর হাসপাতালে নিযুক্ত রাখা হয়েছে। এদিকে ২০০৪ সাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ও ২০০৬ সাল থেকে দুটি এক্স-রে মেশিন বিকল হয়ে আছে। সুবলপুর গ্রামের আয়নাল হক জানান, তাঁর ছেলে সাইকেল থেকে পড়ে আহত হওয়ায় এক্স-রে করতে তাঁকে ১৬ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা শহরে যেতে হয়েছে। কার্পাসডাঙ্গার জুলফিকার আলী জানান, তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় জরুরি প্রয়োজনেও অ্যাম্বুলেন্স না পেয়ে বাধ্য হয়ে আলমসাধুতে চেপে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যেতে হয়েছে। মুন্সিপুর গ্রামের জহিরউদ্দিনের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে কম খরচে প্যাথলজি পরীক্ষার ব্যবস্থা থাকলেও তাঁকে বাইরে পাঠানো হয়েছে। আন্তবিভাগে চিকিৎসাধীন সুবলপুর গ্রামের আবদুল হাই বলেন, নির্ধারিত দুইপালা ছাড়া জরুরি প্রয়োজনে চিকিৎসককে ডেকেও পাওয়া যায় না। চিতলা গ্রামের আকবর আলী জানান, আন্তবিভাগে টানা তিন দিন ধরে চিকিৎসাধীন থাকলেও মাত্র একটি বড়ি ছাড়া সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। একই অভিযোগ চিকিৎসাধীন গোবিন্দহুদা গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী রেক্সোনা বেগমের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ উর রহমান বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’