কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার নতুন তিনটি বিভাগের যাত্রা শুরু হয়েছে। এদিন নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের আঙিনা।
নতুন বিভাগ তিনটি হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ফার্মেসি ও প্রত্নতত্ত্ব। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা হলো ১৭টি। জানা যায়, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ভবনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম ব্যাচের পরিচিতিমূলক অনুষ্ঠান শুরু হয়। বিভাগের প্রধান ফেরদৌস জাহানের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কুন্ডু গোপীদাস, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ্র দেব, ছাত্র কল্যাণ উপদেষ্টা মুহম্মদ আহসান উল্লাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।