তিনটি বিষয়ের শিক্ষক ছাড়াই চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গার্হস্থ্য অর্থনীতি, চারু ও কারুকলা এবং হিন্দুধর্ম শিক্ষা (কাব্যতীর্থ) বিষয়ে শিক্ষক ছাড়াই বছরের পর বছর ধরে চলছে পাঠদান। কোনো কোনো বিদ্যালয়ে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে চালানো হচ্ছে এসব বিষয়ের পাঠদান। ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক নিয়োগের জোরালো কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, তাড়াইলে মোট ১৫টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি বিষয়টি ঐচ্ছিক হিসেবে পাঠদান করা হয়। ঐচ্ছিক হিসেবে অন্য বিষয় থাকলেও ওই সব শ্রেণির সিংহভাগ ছাত্রীই গার্হস্থ্য অর্থনীতি বিষয়টি নিয়ে থাকে। অনেক ছাত্রও ঐচ্ছিক হিসেবে এ বিষয়টি বেছে নেয়। চারু ও কারুকলা বিষয়টি আবশ্যিক। আর সনাতন ধর্মের (হিন্দু) শিক্ষার্থীদের জন্য কাব্যতীর্থ বাধ্যতামূলক।
গার্হস্থ্য অর্থনীতি এবং চারু ও কারুকলা বিষয়ে উপজেলার বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করলেও এ দুটি বিষয়ে এখানকার বিদ্যালয়গুলোতে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
সরকারি নিয়ম অনুযায়ী যেসব বিদ্যালয়ে মোট ৪০ জন হিন্দু শিক্ষার্থী রয়েছে, সেখানে হিন্দুধর্ম শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ করা যেতে পারে। কিন্তু তাড়াইল পাইলট, পুরুড়া ও তালজাঙ্গা আর সি রায় উচ্চবিদ্যালয়ে বিপুলসংখ্যক হিন্দু শিক্ষার্থী পড়াশোনা করলেও কাব্যতীর্থ বিষয়ে শিক্ষক নেই।
তাড়াইল পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা রানী পাল বলে, ‘আমাদের বিদ্যালয়ে হিন্দুধর্ম, গার্হস্থ্য অর্থনীতি ও চারু-কারুকলার শিক্ষক নেই। অন্য বিষয়ের স্যারেরাই এ বিষয়গুলো পড়ান।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন ফকির বলেন, ‘আমার বিদ্যালয়ে ১৫০ জনের মতো হিন্দু শিক্ষার্থী রয়েছে। আমি এ বিষয়ে একজন শিক্ষকের জন্য ২০১৩ সালে ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন করেছি। আজ পর্যন্ত এ বিষয়ে কোনো শিক্ষক দেওয়া হয়নি। চারু ও কারুকলা এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়েরও একই দশা।’ তিনি আরও বলেন, ‘অন্য শিক্ষক দিয়ে কোনো রকমে এ তিন বিষয়ে পাঠদান চালানো হচ্ছে। শিক্ষার্থীদের ক্ষতি হলেও আমাদের কিছু করার নেই।’
তালজাঙ্গা আর সি রায় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, তিনটি বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের ওই বিষয়গুলোতে পূর্ণ পাঠদান সম্ভব হচ্ছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খানও স্বীকার করেন, কাব্যতীর্থ, গার্হস্থ্য অর্থনীতি ও চারু-কারুর শিক্ষক না থাকায় সমস্যা হচ্ছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, এসব বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি অনুমোদন পেলে ওই সব বিষয়ে সরাসরি শিক্ষক নিয়োগ করা যাবে। যত দিন তা না হচ্ছে, তত দিন বিদ্যালয়ের অন্য শিক্ষকদের দিয়েই পাঠদান চালিয়ে নিতে হবে।