কুমিল্লার বরুড়া উপজেলার শীলমুড়ি এলাকা থেকে কয়েক হাজার গুলি উদ্ধারের ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে গতকাল সোমবার পর্যন্ত কোনো রহস্য উদ্ঘাটন বা এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি নিরাপত্তা বাহিনী।নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে তিনটি বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। এগুলো হলো— প্রথমত, দেশের ভেতর ও বাইরের কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি গুলিগুলো আনতে পারে। দ্বিতীয়ত, দেশের বর্তমান প্রেক্ষাপটে নাশকতার জন্য বাইরের কোনো শক্তি এগুলো দেশে ঢুকাতে পারে। আর সর্বশেষ হলো—গুলিগুলো বিডিআর বিদ্রোহের সময় সরানো হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।অন্য একটি সূত্র জানিয়েছে, কুমিল্লার সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ওই গুলি আসতে পারে। তা ছাড়া মাদ্রাসার ছাত্ররা নাশকতামূলক কাজের জন্য ওই গুলি ব্যবহার করতে পারে।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণনাথ প্রথম আলোকে বলেন, ‘এখনো আমাদের উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘বড় ধরনের কোনো নাশকতার জন্য শক্তিশালী গ্রুপ ওই গুলি সেখানে রাখতে পারে।’পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ‘গুলি উদ্ধারের ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। আমি নিজেই সেটি দেখছি।’ এদিকে চট্টগ্রাম বিভাগের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান মিয়া গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বরুড়া থানা থেকে একটি গুলিও নিয়ে যান। গত শুক্র ও শনিবার বরুড়ার শীলমুড়ি এলাকা থেকে কয়েক দফায় সাত হাজার ২৬২টি গুলি উদ্ধার করে পুলিশ।