এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনটি দাবি নিয়েই আলোচনা বেশি হবে বলে মনে করা হচ্ছে। একাধিক জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তাঁদের মূল তিনটি দাবির কথা জানা গেছে।দাবি তিনটি হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে স্থায়ী অ্যাটর্নি জেনারেল সার্ভিস গঠন, সংক্ষিপ্ত বিচারিক আদালত পরিচালনার ক্ষমতা এবং আদালত অবমাননা আইন দ্রুত কার্যকর করা। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনের এই সম্মেলন।সম্মেলনে যোগদানের জন্য ইতিমধ্যে সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনাররা এখন ঢাকায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথা অনুযায়ী সম্মেলনের উদ্বোধন করবেন।২০১০ সালের জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া ২৮৯টির মধ্যে ১৬২টি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। ১২৭টির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়েছে।ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, সরকারি স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকারি কর্মকর্তাদের আদালত অবমাননার মুখে পড়তে হয়। আদালতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। এসব মামলা পরিচালনার জন্য সরকার কোনো খরচও দেয় না। ২০০৪ সাল থেকে দাবি করেও এই আইন কার্যকর করা যায়নি। এবার এ দাবি জোরেশোরে তোলা হবে।চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সাক্ষী পাওয়া না গেলে সন্দেহভাজন অভিযুক্তকে বিচারিক আদালতে সোপর্দ করতে হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা দিলে তাঁরা তাৎ ক্ষণিক বিচার করে সাজা কার্যকরের নির্দেশ দিতে পারেন।মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ প্রথম আলোকে জানান, এবার যেসব বিষয় গুরুত্বপূর্ণ বিবেচনায় আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলো হচ্ছে: ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় ডিজিটালাইজড করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, সামাজিক নিরাপত্তাবেষ্ঠনীর পরিধি বিস্তৃত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিশুদের শতভাগ স্কুলে গমন নিশ্চিত করা, ৬৪ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে ভিডিও কনফারেন্সের আওতায় আনা, পরিবেশের দূষণ রোধ, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার প্রভৃতি।মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতিটি জেলা সদরে সপ্তাহের বুধবার জেলা প্রশাসকদের গণশুনানিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এদিন তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদি কোনো কারণে জেলা প্রশাসক থাকতে না পারেন, তবে সে ক্ষেত্রে তাঁর উপযুক্ত প্রতিনিধি থাকতে হবে।