পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষকের ৩৯টি পদে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২০ জন। শিক্ষকের ১৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান ও শরীরচর্চা বিষয়ের কোনো শিক্ষক নেই।শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ কলেজে ১৩ বছর আগে পাঁচ বিষয়ে সম্মান কোর্স চালু করা হয়। কিন্তু সে অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হয়নি। তা ছাড়া কলেজের শিক্ষার্থীরা সমাজকল্যাণ বিষয় নিয়ে পড়াশোনা করলেও এ বিষয়ে শিক্ষকের কোনো পদই সৃষ্টি করা হয়নি। প্রদর্শকের তিনটি পদের মধ্যে দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য।কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে পাঁচটি বিষয়ে (বাংলা, ইংরেজি, ইতিহাস, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা) সম্মান কোর্স চালু করা হয়। বর্তমানে তিন হাজার ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছে। পাঁচ বিষয়ে সম্মান কোর্সে পড়ছেন প্রায় দুই হাজার শিক্ষার্থী। এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী সম্মানের প্রতি বিষয়ে সাতজন করে শিক্ষক থাকার কথা। কিন্তু কলেজে সম্মান কোর্সের পাঁচটি বিষয়ে মোট শিক্ষক আছেন মাত্র সাতজন। এই শিক্ষকদের অনার্সসহ এইচএসসি ও স্নাতকের অন্যান্য শ্রেণীতেও পাঠদান করতে হচ্ছে। তাই ১২ জন খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস চালানো হচ্ছে। এ ছাড়া কলেজে লাইব্রেরিয়ানের পদ নেই। পদার্থ ও রসায়ন বিভাগের দুটি প্রদর্শক পদ ১৬ বছর ধরে শূন্য।সম্মান (ইতিহাস) শেষ বর্ষের ছাত্রী মরিয়ম আকতার বলেন, ‘আমাদের বড় সমস্যা, শিক্ষক নেই। মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে আমাদের বিভাগ। খণ্ডকালীন শিক্ষক দিয়েও সব ক্লাস হচ্ছে না।’ একই কথা বলেন ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্রী সামসুন নাহার, খাদিজা পারভীন ও ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাদেকুজ্জামান। বাংলা শেষ বর্ষের ছাত্র মো. আবদুস সামাদ বলেন, সেমিনারে পর্যাপ্ত বই নেই, গ্রন্থাগার একটি থাকলেও সেখানে কোনো লাইব্রেরিয়ান নেই।হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. হুমায়ূন কবির ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ধীরাজ সরকার জানান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স থাকলেও শিক্ষক আছেন একজন করে।পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান বলেন, ‘এ কলেজে আরও পাঁচটি বিষয়ে সম্মান কোর্স খোলার জন্য শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি, এই শিক্ষাবর্ষেই তা চালু হবে।’অধ্যক্ষ মোহাম্মদ আবদুল খালেক প্রথম আলোকে বলেন, এ কলেজে আরও পাঁচটি বিষয়ে সম্মান কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। শিক্ষক-স্বল্পতার কারণে খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস চালানোর ব্যবস্থা করা হয়েছে। ছাত্রাবাসের জন্য পাচক, সহকারী পাচক, পিয়ন ও নাইটগার্ড এবং লাইব্রেরিয়ানের পদ সৃষ্টি করা হয়নি।