দেশের অগভীর সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে আশানুরূপ সাড়া মেলেনি। অগভীর সমুদ্রের নয়টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পরিপ্রেক্ষিতে মাত্র তিনটি ব্লকে দুটি বিদেশি কোম্পানি দরপত্র দাখিল করেছে।তিনটির মধ্যে ৭ নম্বর ব্লকে মার্কিন কোম্পানি কনোকোফিলিপস এবং ৪ ও ৯ নম্বর ব্লকের জন্য ভারতীয় ‘অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন’ (ওএনজিসি) দর প্রস্তাব দিয়েছে। অন্য ব্লকগুলোর জন্য কোনো কোম্পানি দরপ্রস্তাব দেয়নি। গত মঙ্গলবার ছিল দরপ্রস্তাব দাখিলের শেষ দিন। পেট্রোবাংলার সূত্র জানায়, ওই তিনটি ব্লকের জন্য পাওয়া দরপত্রের মূল্যায়ন চলতি মাসের মধ্যে শেষ করা হবে। এরপর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে জুন মাসের মধ্যে উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সই করার পরিকল্পনা রয়েছে সরকারের।গত ১৭ ডিসেম্বর একই সঙ্গে গভীর সমুদ্রের তিনটি ব্লকের জন্যও দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু এই দরপত্রে অংশ নিতে আগ্রহী কয়েকটি বিদেশি কোম্পানি গত ৭ ফেব্রুয়ারি পেট্রোবাংলার সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-দরপত্র সভায় গভীর সমুদ্রে কাজ করার ক্ষেত্রে দরপত্রে সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন। এ জন্য গভীর সমুদ্রের তিনটি ব্লকের দরপত্র-প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। তিনটি ব্লকে কাজের প্রস্তাব: ৪ নম্বর ব্লকের জন্য ওএনজিসির প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে (পিএসসি সইয়ের পর প্রথম পাঁচ বছরের মধ্যে) ব্লকটিতে তাঁরা দুই হাজার ২০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ ও একটি অনুসন্ধান কূপ খনন করবে। দ্বিতীয় পর্যায়ে (পরবর্তী তিন বছরের মধ্যে) ২০০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ ও আরও একটি কূপ খনন করবে। এ জন্য ওএনজিসি পাঁচ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ের কর্মপরিকল্পনা দিয়েছে। ৯ নম্বর ব্লকে ওএনজিসি প্রথম পর্যায়ে এক হাজার ৮৫০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ ও একটি অনুসন্ধান কূপ খনন করবে। দ্বিতীয় পর্যায়ে এক হাজার বর্গকিলোমিটার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ এবং আরও দুটি কূপ খনন করবে। এ জন্য তাঁরা প্রাক্কলিত ব্যয় ধরেছে আট কোটি ৫০ লাখ ডলার।৭ নম্বর ব্লকের জন্য কনোকোফিলিপস চার কোটি ডলার ব্যয়ের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে রয়েছে এক হাজার ৩৫০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ ও একটি অনুসন্ধান কূপ খনন। দ্বিতীয় পর্যায়ে রয়েছে আরও এক হাজার লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ও ৫০০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ। গ্যাসের দাম ও অংশ: পিএসসি ২০১২ অনুযায়ী, বিদেশি কোম্পানি অগভীর সমুদ্রে পাওয়া গ্যাসের মধ্যে তাদের অংশ প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) পাঁচ ডলার দরে পেট্রোবাংলার কাছে বিক্রি করতে বাধ্য থাকবে। কখনো পেট্রোবাংলা কিনতে না চাইলে অনুমতি সাপেক্ষে দেশের মধ্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে। কোনোভাবেই গ্যাস রপ্তানি করা যাবে না। অগভীর সমুদ্রের কোনো ব্লকে দৈনিক উৎপাদন সাড়ে সাত কোটি ঘনফুটের মধ্যে হলে পেট্রোবাংলা লভ্যাংশের কমপক্ষে অর্ধেক পাবে। দৈনিক উৎপাদন যদি ১৫ কোটি ঘনফুট পর্যন্ত হয়, তাহলে পেট্রোবাংলা পাবে লভ্যাংশের ৫৫ শতাংশ। উৎপাদন ২৫ কোটি ঘনফুট পর্যন্ত হলে পেট্রোবাংলা পাবে ৬০ শতাংশ। উৎপাদন ৪০ কোটি ঘনফুট হলে পাবে ৬৫ শতাংশ। উৎপাদন ৬০ কোটি ঘনফুট পর্যন্ত হলে পাবে ৭০ শতাংশ। ৬০ কোটি ঘনফুটের বেশি উৎপাদিত হলে পেট্রোবাংলা পাবে লভ্যাংশের কমপক্ষে ৭৫ শতাংশ।